জনবল নিয়োগ দেবে বাংলাদেশ টেলিভিশন

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন।  প্রতিষ্ঠানটি এবারের প্রক্রিয়াতে অস্থায়ী ভিত্তিতে কিছু সংখ্যক লোকবল নিয়োগ দেবে। পদগুলোতে পুরুষ ও নারী উভয়েই আবেদন করতে পারবেন। যারা সরকারি টেলিভিশন চ্যানেলে ক্যারিয়ার গড়তে চান তারা আবেদন করতে পারেন। নির্ভুল আবেদনের জন্য আগ্রহীরা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালভাবে দেখে নিতে পারেন। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামী ৬ জানুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত।  বিস্তারিত লিখেছেন মাহবুব শরীফ

আবেদনের পদসমূহ :বিটিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিষ্ঠানটির সহকারী হিসাবরক্ষক, ক্যাশিয়ার, লাইটিং সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, ক্যামেরাম্যান সহকারী, মালী এই সাতটি পদে মোট ১৫ জনকে নিয়োগ দেয়া হবে।
আবেদনের যোগ্যতা ও বেতনসীমা :বিটিভির সহকারী হিসাবরক্ষক পদটিতে তিনজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে জাতীয় বেতন স্কেলে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা। ক্যাশিয়ার পদটিতে একজনকে নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস বাণিজ্য বিভাগ থেকে। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। এই পদ মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য সংরক্ষিত। লাইটিং সহকারী পদটিতে দু’জনকে নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ইলেক্ট্রিক্যাল কোর্সে সার্টিফিকেধারী। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা স্কেলে। ডাটা এন্ট্রি অপারেটর পদটিতে পাঁচজনকে নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। ড্রাইভার পদটিতে একজনকে নিয়োগ দেয়া হবে। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। ক্যামেরাম্যান সহকারী পদটিতে দু’জনকে নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা। এই পদ দুটি মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য সংরক্ষিত। মালী পদটিতে একজনকে নিয়োগ দেয়া হবে। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
আবেদন পদ্ধতি :বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের জন্য নির্ধারিত মডেল ফরম বিটিভির ওয়েবসাইট www.btv.gov.bd থেকে অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্র অফিস সময়ের মধ্যে ‘পরিচালক (প্রশাসন), বাংলাদেশ টেলিভিশন, প্রধান কার্যালয়, সদর দফতর ভবন, রামপুরা, ঢাকা-১২১৯’ এই ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে। কুরিয়ার সার্ভিস অথবা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

পরীক্ষা পদ্ধতি :এর আগে বাংলাদেশ টেলিভিশনের নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় ( লিখিত ও মৌখিক) অংশগ্রহণ করতে হয়েছিল আবেদনকারীদের ।  এবারেও এর ব্যতিক্রম হবে না বলে ধারনা করা হচ্ছে। আবেদনকারীদের প্রথমেই বসতে হতে পারে এমসিকিউ পরীক্ষায়। উত্তীর্ণদের আবার দিতে হতে পারে লিখিত রচনামূলক পরীক্ষাও। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। কাগজপত্র যাচাই করে ডাকা হবে ভাইভা বা মৌখিক পরীক্ষায়।

যে বিষয়ে পূর্বপ্রস্তুতি দরকার

এর আগে অনুষ্ঠিত বাংলাদেশ টেলিভিশনের নিয়োগ পরীক্ষাগুলো প্রায় একই রকম হয়েছে। সেজন্য বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলন করলে ভালো ধারণা পাওয়া যাবে। মাধ্যমিক শ্রেণির বইগুলোও খুব কাজে দেবে। বেসিক নলেজ ভালো থাকতে হবে। মনে রাখতে হবে যার বেসিক যত ভালো সে পরীক্ষায় তত ভালো করবে।

বাংলা :শুরুতে যে পরীক্ষাটা হবে তা হলো এমসিকিউ পরীক্ষা। এতে থাকবে বাংলা ব্যাকরণ অংশের প্রবাদ প্রবচন, উপসর্গ, সন্ধি বিচ্ছেদ, সমার্থক শব্দ, বাংলা পরিভাষা, বাগধারা, পদ, সমোচ্চারিত শব্দ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, শুদ্ধ বানান, বচন, সমাস, কারক, বিভক্তিসহ নানা বিষয়ে প্রশ্ন। বিভিন্ন উপন্যাসের লেখকের নাম, বিভিন্ন গ্রন্থের নাম, বিভিন্ন উপন্যাসের চরিত্রের নাম, রচয়িতা, পঙতিমালা, জন্ম-মৃত্যুকালসহ উপন্যাস, নাটক ও সাহিত্যের অন্যান্য অংশ থেকে প্রশ্ন থাকে।

ইংরেজি :বর্তমান সময়ে ইংরেজি ছাড়া পরীক্ষার কথা কল্পনাই করা যায় না। এই পরীক্ষাতেও তার ব্যতিক্রম নয়। ইংরেজির গ্রামার অংশে এমসিকিউ পরীক্ষায়  গ্রামারের নানা বিষয়ে প্রশ্ন করা হয়। রচনামূলক অংশে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে ইংরেজি রচনা আসতে পারে। বাংলা থেকে ইংরেজিতে অনুবাদও থাকে। সেসব বই ছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির পাঠ্য ইংলিশ গ্রামার বইগুলো অনুশীলন করলে আপনার প্রস্তুতি বেশ ভালো হবে।

গণিত :অন্য বিষয়গুলোর মতো পাটিগণিত ও বীজগণিত দুই অংশ থেকেই প্রশ্ন করা হয় এমসিকিউ এবং রচনামূলক পরীক্ষায়। পাটিগণিতে লসাগু, গসাগু, শতকরা, সুদকষা, অনুপাত-সমানুপাত, ঐকিক নিয়মসহ নানা বিষয়ে প্রশ্ন করা হয়। বীজগণিতে উত্পাদক নির্ণয়, সমীকরণ, মূলদ, অমূলদ সংখ্যা, অসমতা, সূচক ও লগারিদমের সূত্রের প্রয়োগ বিষয়ে প্রশ্ন করা হয়। সব সময়েই নিচের ক্লাসের বইগুলো বেশি কাজে আসে।

সাধারণ জ্ঞান :বরাবরই সকল নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়। বাংলাদেশ প্রসঙ্গ ও আন্তর্জাতিক বিষয়ে প্রশ্ন করা হয় সাধারণ জ্ঞান অংশে। মুক্তিযুদ্ধের ইতিহাস, ভৌগোলিক অবস্থা, ভাষা আন্দোলন, ঐতিহ্য, কৃষ্টি, সভ্যতার ইতিহাস, শিল্প ও বাণিজ্য, অর্থনীতি, কৃষি, সর্বশেষ বাজেট, জিডিপি, অর্থনৈতিক সমীক্ষা, সরকার, রাজনীতি ও বিচারব্যবস্থাসহ সাম্প্রতিক সময়ের ঘটনাবলির বিষয়ে প্রশ্ন করা হয়। আন্তর্জাতিক বিষয়ের মধ্যে বিশ্ব রাজনীতি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন দেশ, মুদ্রা, আন্তর্জাতিক আইন, বিচার, দিবস, সন্মেলন, পুরস্কার, সম্মাননা, খেলাধুলাসহ সাম্প্রতিক সময়ের বিশ্বের নানা ঘটনা নিয়ে সাজানো হয় প্রশ্নাবলি।