গড় আয়ু বৃদ্ধি ও প্রবীণদের জীবনমান বিষয়ক সেমিনার
পিরোজপুর অফিস বাংলাদেশের গড় আয়ু বৃদ্ধির প্রেক্ষাপটে আর্থসামাজিক ও সাংস্কৃতিক সাড়া এবং প্রবীণদের জীবনমানের গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণের ওপর গবেষণা বিষয়ক এক সেমিনার বুধবার পিরোজপুরের চেম্বর অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ও বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের যৌথ উদ্যোগে সেমিনারে সভাপতিত্ব করেন রিকের চেয়ারপার্সন সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার।
মাধবপুরে স্কুলের নতুন ভবন উদ্বোধন
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা মাধবপুর পৌরসভার কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করেছেন মাধবপুরের ব্যবসায়ী পঙ্কজ সাহা। হিমাংশু রঞ্জন সাহা নামক এ ভবনের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সুকোমল রায়।
শিশু নিকেতনে মা সমাবেশ
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা ধামইরহাটের শিশু নিকেতনে মা সমাবেশ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। হাটনগর ব্র্যাক শিশু নিকেতন ও গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় বাল্যবিবাহ, শিশু সুরক্ষা ও শিক্ষার্থী ভর্তি বিষয়ে বিদ্যালয় মাঠে মা সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ধামইরহাট পৌরসভার কাউন্সিলর আব্দুল হাকিম।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল
সাতক্ষীরা প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কাউন্সিল হয়। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আবারও মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও আলহাজ নজরুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
বরিশাল অফিস বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন সভাপতি ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ড. রেহানা পারভীন। অন্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ রিফাত মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. সানবিন ইসলাম, রিফাত ফেরদৌস, মো. সোহেল রানা প্রমুখ নির্বাচিত হয়েছেন।