দশ বছর পর টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। উপলক্ষ্যটা রঙিন করে রাখার সুযোগ পাচ্ছে না স্বাগতিকরা। রাওয়ালপিন্ডিতে গতকাল দ্বিতীয় দিনও আবহাওয়ার কাছে হার মেনেছে ক্রিকেট। প্রথম দিনে ৬৮.১ ওভারে খেলা হয়েছিল। গতকাল তাও হতে পারল না। বৃষ্টি আর আলো স্বল্পতা মিলিয়ে মাত্র ১৮.২ ওভার খেলা হয়েছে। তাতে গতকাল আর একটি উইকেট হারিয়ে ৬১ রান করতে পেরেছে সফরকারী শ্রীলঙ্কা।
পাকিস্তানের মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিল এ শ্রীলঙ্কা। সেবার লাহোর আক্রমণের ফলে শ্রীলঙ্কা দল খেলার মাঝে দেশে ফিরে যেতে বাধ্য হয়। এরপর গত কয়েক বছর ওয়ানডে ও টি-টোয়েন্টির কিছু ম্যাচ হলেও টেস্ট আর হয়নি এই এক দশক ধরে। অবশেষে রাওয়ালপিন্ডিতে সেই শ্রীলঙ্কা আবার এসেছে টেস্ট খেলতে। এই টেস্টে টসে জিতে আগে ব্যাট করছে লঙ্কানরা। তাদের ভালো শুরু এনে দিয়েছিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে ও ওসাধা ফার্নান্দো। দুই জনে ৯৬ রানের উদ্বোধনী জুটি করেছিলেন। অল্প ব্যবধানে দুই জনই ফিরে আসেন। ১১০ বলে ৫৯ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে ফেরেন করুনারত্নে। আর নাসিম শাহর প্রথম শিকার হয়ে ৮১ বলে ৪০ রান করে ফেরেন ফার্নান্দো।
এরপর উসমান সিনওয়ারি ১০ রান করা মেন্ডিসের উইকেট তুলে নেন। নাসিম শাহ ফেরান ৩১ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুসকে। আর ২ রান করে আব্বাসের শিকার হন দিনেশ চান্দিমাল। এরপর শ্রীলঙ্কাকে আবার একটা স্থিতিশীলতা দেন ধনঞ্জয় ডি সিলভা ও নিরোশান ডিকওয়েলা।
গতকাল এই দুই জন খেলা শুরু করেছিলেন। দিনের যে সময় খেলা হয়েছে তাতে ৬৩ বলে ৩৩ রান করে শাহিনের শিকার হয়েছেন ডিকওয়েলা। কিন্তু ডি সিলভা প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। তিনি ১৩১ বলে ৭২ রান নিয়ে উইকেটে আছেন।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৮৬.৩ ওভারে ২৬৩/৬ (ডি সিলভা ব্যাটিং ৭২, করুনারত্নে ৫৯, ফার্নান্দো ৪০, ডিকওয়েলা ৩৩; শাহিন ২/৪৭, নাসিম ২/৭৫)।