ভারত ও ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে একটি করে জয় তুলে নেওয়ায় শেষ ম্যাচটা অঘোষিত ফাইনালে রূপ নিয়েছিল। সে ম্যাচে গত বুধবার ক্যারিবীয়দের ৬৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এমন আগ্রাসী ব্যাটিং মুগ্ধ করেছে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীকে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার টসে হেরে ব্যাটিংয়ে নামে ভারত। সাবধানী শুরুর পরই খোলস ছেড়ে বেরিয়ে আসেন দলটির ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৭০ রান দলটিকে বড়ো সংগ্রহের ভিত্তিই গড়ে দিয়েছিল। রোহিত, রাহুল কোহলিদের কল্যাণে সেটা করেছেও দলটি। তেরোতম ওভারে ১৩৫ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ৩৪ বলে ৭১ রান করে সাজঘরে ফেরেন রোহিত। এরপর কোহলি ২১ বলে পঞ্চাশ ছুঁয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৯ বলে ৭০ রান করে।
অপর প্রান্তে রাহুলও যন্ত্রণাই উপহার দিয়েছেন সফরকারী বোলারদের। শেষ ওভারে আউট হবার আগে ৫৬ বলে ৯১ রান করেন তিনি। এমন খুনে ব্যাটিংয়ে ভর করে উইন্ডিজের সামনে ২৪০ রানের পাহাড় দাঁড় করায় ভারত।
জবাবে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় উইন্ডিজ। এরপর হেটমায়ারের ৪১ আর পোলার্ডের ৬৮ ব্যবধানই কমিয়েছে কেবল। ফলে ২০ ওভারে ১৭৩ রানে থামে সফরকারীদের ইনিংস। দুটি করে উইকেট নেন মোহাম্মদ শামি, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব।
দলের এমন পারফরমেন্সে উচ্ছ্বাস প্রকাশ করে বোর্ড সভাপতি সৌরভ টুইটারে লেখেন, ‘ভারত সিরিজ হারবে এটা কেউই ভাবেননি। তাই জয়টা মোটেও অবাক করেনি। তবে যেটা বেরিয়ে আসছে টি-টোয়েন্টি ক্রিকেটে তা হলো ভারতের ভীতিহীন ব্যাটিং। কেউ দলে নিজের জায়গা বাঁচানোর জন্য খেলেনি। সবাই জেতার জন্যই খেলেছে। ওয়েল ডান ইন্ডিয়া।’
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২৪০/৩ (রোহিত ৭১, রাহুল ৯১, কোহলি ৭০*; কটরেল ৪০-১, উইলিয়ামস ৩৭-১, পোলার্ড ৩৩-১)
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৩/৮ (হেটমায়ার ৪১, পোলার্ড ৬৮; চাহার ২০-২, ভুবনেশ্বর ৪১-২, শামি ২৫-২, কুলদীপ ৪৫-২)
ফল: ভারত ৬৭ রানে জয়ী
সিরিজ: ভারত ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: লোকেশ রাহুল। ম্যান অব দা সিরিজ: বিরাট কোহলি।