চলছে লাবুশেনের রান মেশিন

ছিলেন স্পিনিং অলরাউন্ডার। জাতীয় দলে নিয়মিতও ছিলেন না। গত অ্যাশেজের লর্ডস টেস্টে অচেতন স্টিভেন স্মিথের বদলি হিসেবে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামতে হয়েছিল। আর সেখান থেকে ব্যাটসম্যান হিসেবে নতুন করে যাত্রা শুরু করলেন মার্নাস লাবুশেন। এরপর থেকে আর তার ব্যাট থামছেই না।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের দুই ইনিংসে ১৬২ ও ১৮৫ রানের ইনিংস খেলেছেন। গতকাল টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরি পেয়ে গেলেন। তার অপরাজিত ১১০ রানে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে কর্তৃত্ব করছে অস্ট্রেলিয়া। পার্থে প্রথম দিনশেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ২৮৪ রান করেছে।

দিবারাত্রির টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুটা খুব ভালো হয়নি। দলীয় ৪০ রানে, ব্যক্তিগত ৯ রান করে ফিরে আসেন বার্নস। এরপর ডেভিড ওয়ার্নারের সঙ্গে যোগ দেন অধুনা অস্ট্রেলিয়ার তিন নম্বরে স্থায়ী হয়ে যাওয়া লাবুশেন। ওয়ার্নার ৪৩ রান করে ওয়াগনারের প্রথম শিকার হয়ে ফেরেন।

এখান থেকে শুরু হয় দারুণ ফর্মে থাকা লাবুশেন ও স্মিথের জুটি। স্মিথ অবশ্য গতকাল ফিফটি পাননি। ১৬৪ বলে ৪৩ রান করে ওয়াগনারের দ্বিতীয় শিকার হন সাবেক অধিনায়ক। এরপর ম্যাথু ওয়েড মাত্র ১২ রান করে সাউদির বলে বোল্ড হয়ে যান।

দিনের বাকিটা সময় দারুণভাবে পার করে দেন লাবুশেন। তিনি ২০২ বলে ১১০ রান করে উইকেটে আছেন। অন্যদিকে হিড ২০ রানে ব্যাট করছেন।