কার্লো অ্যানচেলত্তির পদচ্যুতিতে কপাল খুললো জেনারো গাত্তুসোর। নতুন কোচ হিসেবে গত বুধবার রাতে সাবেক ইতালীয় এই ফুটবলারের নাম ঘোষণা করেছে ন্যাপোলি। চ্যামিপয়ন্স লিগে সন্তোষজনক পারফরমেন্স উপহার দিলেও চলতি মৌসুমে লিগে ন্যাপোলির অবস্থা ছিলো শোচনীয়। শীর্ষে থাকা ইন্টারমিলান থেকে আট পয়েন্ট পিছিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে আছে দলটি। তার ওপর কর্তৃপক্ষের সঙ্গে সমস্যার কারণে কার্লো অ্যানচেলত্তির চাকরি হারানোটা সময়ের ব্যাপারই হয়ে দাঁড়িয়েছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে গত মঙ্গলবার রাতে গেঙ্ককে হারানোর পরেই চূড়ান্ত ঘোষণা দেয় ক্লাবটি। ন্যাপোলিতে কার্লোর স্থলাভিষিক্ত হয়েছেন গাত্তুসো। সাবেক এসি মিলান কোচ জানালেন পয়েন্ট ব্যবধানটা ঘোচাতে বেশ কাঠখড়ই পোড়াতে হবে দলকে। তিনি বলেন, ‘আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। হারানো পয়েন্টগুলো ফিরে পেতে হবে এবং তাহলেই কেবল এই কঠিন পরিস্থিতি থেকে বেরোতে পারব আমরা।’
৪১ বছর বয়সী এই কোচ জানালেন সেরা চারে থাকাই আপাতত তার দলের লক্ষ্য, ‘আমার দলের লক্ষ্য হচ্ছে পয়েন্ট ফিরে পাওয়া এবং চ্যাম্পিয়ন্স লিগ খেলার মতো অবস্থানে ফেরত আসা।’ খেলোয়াড়ি জীবনে এসি মিলানে অ্যানচেলত্তির অধীনে খেলেছেন গাত্তুসো। ন্যাপোলিতে এসে তাই পূর্বসূরির প্রতি একরাশ শ্রদ্ধাই জানালেন তিনি, ‘তিনি আমার জন্যে বাবার মতো। তিনি আমার খুব কাছের মানুষ এবং সবসময় আমাকে সমর্থন জুগিয়েছেন। তার কিছুই জেতার বাকি নেই আর আমার ক্যারিয়ার মোটে শুরু হলো। অনেক কিছু প্রমাণ করা বাকি আমার।’