৪০০ ছক্কার ক্লাবে রোহিত

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ৪০০ ছক্কা হাঁকানোর এলিট ক্লাবের সদস্য হলেন দলটির ওপেনার রোহিত শর্মা। গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ও তৃতীয় টি-২০ ম্যাচে নিজের ৪০০তম ছক্কা হাঁকান রোহিত। সিরিজের প্রথম দুই ম্যাচে বড়ো স্কোর গড়তে ব্যর্থ ভারতীয় দলের এ সহঅধিনায়ক ক্যারিবীয় বোলার শেল্ডন কট্রেলের একটি শর্ট বলকে মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে এ মাইলফলক স্পর্শ করেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৫৩৪), পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদির (৪৭৬) পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ৪০০ ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করলেন রোহিত। ভারতীয় এই ব্যাটসম্যান এ পর্যন্ত ওয়ানডেতে ২৩২টি, টি-২০তে ১১৭টি এবং টেস্ট ক্রিকেটে ৫২ ছক্কা হাঁকিয়েছেন।