‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’ এ স্লোগানে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে শুরু হয়েছে দুদিনের বিজয় দিবসের অনুষ্ঠানমালা। বাংলাদেশের রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার একাংশের আয়োজনে এ উত্সবের সূচনা ঘটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করেন রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার একাংশের সভাপতি সাজেদ আকবর। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. মকবুল হোসেন।
লিয়াকত আলী লাকী বলেন, রবীন্দ্রনাথ বাংলাদেশের মানুষের কাছে অপরিহার্য ব্যক্তিত্ব, প্রেরণার উত্স। জাতির মননের প্রতীক। মুক্তিযুদ্ধে তার গান বাংলাদেশের মানুষকে প্রেরণা জুগিয়েছে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য। তাই তাকে অবলম্বন করে বিজয় উত্সবের আয়োজন খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ। এরপরে শিল্পীরা একে একে সংগীত পরিবেশন করেন। উত্তম কুমার শর্মা পরিবেশন করেন ‘ওরে নূতন যুগের ভোরে’, কেয়া হায়দার ‘আমি কান পেতে রই’, সুফিয়া জাকারিয়া ‘আমি মারের সাগর’, কংকন চৌধুরী ‘তোমার খোলা হাওয়া’, মীরা মণ্ডল ‘আজি বাংলাদেশের হূদয় হতে’, টিপু চৌধুরী ‘আমি তোমার প্রেমে’, সুস্মিতা ‘বাংলার মাটি বাংলার জল’, মামুন জাহিদ খান ‘সার্থক জনম আমার’, মকবুল হোসেন ‘জয় হোক জয় হোক নব অরুণোদয়’, সাঈদা হোসেন ‘এই কথাটাই ধরে রাখিস’, খন্দকার আবুল কালাম ‘ফিরে চল মাটির টানে’, মাহবুবা কামাল ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’, রাবেয়া আক্তার ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’, মতিউর রহমান ‘বাঁধ ভেঙে দাও’, স্বর্ণময়ী মণ্ডল ‘এবার তোর মরা গাঙে’। আজ উত্সবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে পাঁচটায়।