সু চি নিজের শেষ ভাবমূর্তিটুকুও ঝুঁকিতে ফেলছেন

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমার সেনাদের পক্ষ নেওয়ায় অং সান সু চির কঠোর সমালোচনা করেছেন মার্কিন সিনেটরা। দেশটির ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দলের ১০ সিনেটর এক চিঠিতে বলেছেন, রোহিঙ্গা এবং অন্য সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক নৃশংসতা সত্ত্বেও অভিযুক্ত সেনাবাহিনীর পক্ষে সাফাই গেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজের শেষ ভাবমূর্তিটুকুও ঝুঁকিতে ফেলছেন সু চি। সিনেটররা আইসিজেকে পুরোপুরি সমর্থন দিতে সু চির প্রতি আহ্বান জানান। গত ১০ ডিসেম্বর সু চির কাছে এই চিঠি লেখা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন মার্কিন সিনেটের রিপাবলিকান পার্টির সদস্য মার্শা ব্ল্যাকবার্ন, টড ইয়াং, ডেমোক্র্যাট পার্টির ক্রিস ভ্যান হোলেন, রিচার্ড জে. ডারবিন, ব্রায়ান শোয়াটজ, ট্যামি বল্ডউইন, জেফ্রি মার্কলে, রবাট ক্যাসি, বেঞ্জামিন কার্ডিন ও রন ওয়াইডেন প্রমুখ। চিঠিতে ২০১০ সালে কারাগার থেকে সু চির মুক্তি, পূর্ণাঙ্গ গণতন্ত্রের পথে উত্তোরণের লক্ষ্যে দেশটির ২০১৫ সালের নির্বাচন এবং একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও সমৃদ্ধি মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করা হয়। চিঠিটি এমন সময় লেখা হয় যখন মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে আইসিজেতে মামলা করেছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া এবং এর বিচার কার্যক্রম চলছে।