বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের জন্য স্বাধীনতার ফল ভোগ করছি -----পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আজকে আমরা যে স্বাধীনতার ফল ভোগ করছি তা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের জন্য। বঙ্গবন্ধু যদি স্বাধীনতার ডাক না দিতেন, মুক্তিযোদ্ধারা যদি যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তেন তাহলে আমরা এই স্বাধীনতা ভোগ করতে পারতাম না। বুধবার জাতীয় প্রেস ক্লাবের মোহাম্মদ আকরাম খাঁ হলে ডিএসইসি মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য আমি গর্বিত। পরে মন্ত্রী ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা আবু তাহের, মোহাম্মদ আবদুল মোতালেব, সাইফুল ইসলাম, তরুণ তপন চক্রবর্তী, মীর মোস্তাফিজ আহমেদ, খোন্দকার আতাউল হককে মুক্তিযুদ্ধের সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমকালের উপসম্পাদক মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া। সংগঠনের সভাপতি জাকির হোসেন ইমনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মুক্তাদির অনিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহসভাপতি বশির হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ মামুন ও নাসিমা আক্তার সোমা। —প্রেস বিজ্ঞপ্তি