তারেক ক্ষমা না চাইলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না: কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, বিএনপির নেতা যতদিন তারেক জিয়া আছেন এবং যতদিন তারেক হাওয়া ভবনের জন্য মানুষের কাছে দুই হাত তুলে ক্ষমা না চাইবেন ততদিন বাংলাদেশের শাসন ক্ষমতায় বিএনপি যেতে পারবে না। দুই দিন হয় তারা ক্ষমতায় নেই। তাই তারা মনে করছেন বাদশাহ থেকে ফকির হয়ে গেছেন কিন্তু তারেক জিয়া সংশোধন না হলে এই বাংলাদেশে ধানের শীষ দ্বিতীয় বার জয়ী হবে না। তবে ইলেকশন হলে নৌকা মার্কারও জয়ের সম্ভাবনা কেয়ামত পর্যন্ত নেই।

বৃহস্পতিবার গাইবান্ধায় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এসব কথা বলেন।

গাইবান্ধা পৌর শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ সরকারকে সমর্থন করি না। সেই সঙ্গে বিএনপির বাঁদরামিকেও সমর্থন করি না। কারণ দেশ স্বাধীনের ৪৮ বছর পরেও মুক্তিযুদ্ধের প্রধান অঙ্গীকার প্রকৃত গণতন্ত্র, শোষণহীন, দুর্নীতি ও বৈষম্যমুক্ত এক অসাম্প্র্রদায়িক সমাজ বাস্তবায়িত হয়নি।

গাইবান্ধা জেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক অ্যাড. মোস্তফা মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল আলম প্রমুখ। পরে অ্যাড. মোস্তফা মনিরুজ্জামানকে সভাপতি ও আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা করা হয়।