গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তাদের দেশটিকে এখন সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে হবে আমাদের। যারা দেশের বিভিন্ন পর্যায়ে থেকে ঘুষ ও দুর্নীতি করে তারাও দেশের অপরিচ্ছন্ন ব্যক্তি। তাদেরকেও পরিষ্কার করতে হবে। আর এ জন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। সবাইকে এগিয়ে এসে নতুন যুদ্ধ শুরু করতে হবে। তা হচ্ছে পরিচ্ছন্নতার যুদ্ধ।
শুক্রবার জাতীয় সংসদ ভবন থেকে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ও আরটিভি আয়োজিত ‘পরিচ্ছন্নতার যুদ্ধ’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, সোনার বাংলা গড়তে এই ধরনের উদ্যোগ অনেকটাই সহযোগিতা করবে। এজন্য সবাইকে এই ধরনের উদ্যোগ হাতে নিয়ে কাজ করতে হবে। শুধু নগরের মধ্যে সীমিত থাকলেই হবে না এটি দেশের প্রতিটি জায়গায় ছড়িয়ে দিতে হবে। এতেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে’।
আরো পড়ুন : ফোর্বসের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় শেখ হাসিনা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘৩০ লাখ শহীদের বিনিময়ে আমাদের এই দেশ পেয়েছি। দেশকে ভালোবেসেই তারা জীবন দিয়েছিল। আমরা তাদের মতো দেশকে ভালোবেসে জীবন দিতে না পারলেও দেশকে পরিচ্ছন্ন রাখতে পারি। যেখানে সেখানে যত্রতত্র ময়লা না ফেলি। আমরা বিদেশে গিয়ে যেখানে সেখানে ময়লা না ফেলে যদি থাকতে পারি, তাহলে আমাদের দেশকেও পরিষ্কার রাখতে পারবো।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ স্কাউটসের সহ-সভাপতি মো. হাবিবুল আলম, মুক্তিযোদ্ধা মো. গোলাম রসুল ভূইয়া, ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের পরিচ্ছন্ন দ্যূত চিত্রনায়ক রিয়াজ, মূখ্য সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ তারেক, আরটিভির সিইও আশিক রহমানসহ বাংলাদেশ স্কাউটসের দুই শতাধিক সদস্য।
ইত্তেফাক/ইউবি