তালায় স্কুলছাত্র তাপস হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

সাতক্ষীরা তালায় স্কুলছাত্র তাপস বিশ্বাসকে (১০) হত্যার অপরাধে অশোক কুমার বিশ্বাস ওরফে টুপাল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে হত্যা করে শিশুটির মরদেহ মাটিতে পুঁতে গুম করার চেষ্টা করায় তাকে আরো তিন বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আসামির উপস্থিতিতে সোমবার (১২ নভেম্বর) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় দেন। সাজাপ্রাপ্ত অশোক তালা উপজেলার রাঢ়িপাড়া গ্রামের মহাদেব বিশ্বাসের ছেলে। 

মামলার বরাত দিয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তপন কুমার দাস জানান, ২০০৭ সালের ১৭ মার্চ তালার রাঢ়িপাড়ার মালোপাড়ার হরেন বিশ্বাসের ছেলে তাপসকে অপহরণ করা হয়। তাপস রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। অপহরণের পর তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বাড়ির পাশের পুকুরপাড়ে পুঁতে রাখা হয়। এদিকে, শিশুটি অপহরণের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পরদিন তার মরদেহ উদ্ধার করে। একই সময় গ্রেফতার করা হয় অশোকসহ কয়েকজনকে। 

এ ঘটনায় পাটকেলঘাটা থানার সেই সময়ের উপপরিদর্শক কাজী শহিদুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ  অশোকসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। পরে শুনানি ও নথিপত্র পর্যালোচনা শেষে শুধুমাত্র অশোকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে এ সাজা দেন বিচারক। বাকি আসামিদের খালাস দেওয়া হয়। 

সরকার পক্ষে এ মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জিয়াউর রহমান। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল মজিদ।

ইত্তেফাক/নূহু