খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের অনশন কর্মসূচি অব্যাহত

চার দিনে দুই শতাধিক শ্রমিক হাসপাতালে ভর্তি

খুলনা অফিস

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। অনশন কর্মসূচির চতুর্থ দিন গতকাল শুক্রবার পর্যন্ত দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে গুরুতর অসুস্থদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অনশনস্থলে অসুস্থ শ্রমিকদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে বর্তমানে খুলনা মহানগরীর খালিশপুর শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, প্লাটিনাম জুবিলি জুটমিলের তাঁত বিভাগের মৃত শ্রমিক আব্দুস সাত্তারের জানাজা গতকাল শুক্রবার সকাল ১০টায় মিলের সামনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খুলনা বিভাগীয় শ্রম কর্মকর্তা মিজানুর রহমান তার পরিবারের কাছে নগদ ৫০ হাজার টাকা হস্তান্তর করেন। পরে তার মরদেহ পটুয়াখালীর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান, প্লাটিনাম জুবিলি জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আমরণ অনশন পালনরত অবস্থায় প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিক আব্দুস সাত্তার অসুস্থ হয়ে পড়েন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অনশনরত শ্রমিকরা ক্ষুব্ধ কণ্ঠে বলেন, এবার আর কোনো প্রতিশ্রুতি নয়, মজুরি কমিশন না নিয়ে আমরা আমরণ অনশন কর্মসূচি থেকে উঠব না।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আন্তরিক বলে জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। গত বৃহস্পতিবার রাত ১০টায় খুলনা যুগ্ম শ্রম অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলন সম্পর্কে  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান সাংবাদিকদের বলেন, শ্রমিকদের মজুরি কমিশনের বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আহ্বানে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ডাকা হয়েছে। সেখানে সমস্যা সমাধানের জন্য আলোচনা হবে।