গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদী গ্রামের মৃত মনজু মিয়ার ছেলে অটোরিকশা চালক মো. মান্নান মিয়ার (২৩) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে উপজেলার নাজিরচর গ্রামের একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে মান্নান অটোতে যাত্রী নিয়ে গজারিয়ার সোনালি মার্কেট থেকে জামালদী বাসস্ট্যান্ডে যাওয়ার পথে গাড়িটিসহ অপহূত হয়। পরদিন তার মা খাদিজা বেগম গজারিয়া থানায় একটি সাধারণ ডায়ারি করেন। খুনের শিকার মান্নানের স্ত্রী তানিয়া আক্তার ও দেড় বছরের রওজা আক্তার নামে একটি কন্যাসন্তান রয়েছে।
গজারিয়া থানা (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুনের ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করার চেষ্টা চলছে। লাশের গলা, হাত, পায়ের রগ কাটাসহ পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও সে জানায়। এ বিষয়ে খুনের শিকার মান্নানের মা খাদিজা বেগম বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।