অস্ত্র ও গুলিসহ ৪ সন্ত্রাসী আটক
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা আট লাখ পিস ইয়াবা ও ছয়টি অস্ত্রসহ ৪ জন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে আটক করেছে।
সূত্র জানায়, শুক্রবার ভোরে র্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউপির রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি ইয়ার মোহাম্মদের পুত্র নুর হাফেজ, দলিলুর রহমানের পুত্র ছৈয়দ আলম প্রকাশ কালু, ছৈয়দ হোছন প্রকাশ বার্মাইয়া পেটাইন্যার পুত্র ছৈয়দ নুর, সব্বির আহমদের পুত্র মোহাম্মদ সোহেলকে আটক করে। পরে আটককৃতদের স্বীকারোক্তিতে তল্লাশি চালিয়ে আট লাখ ১০ হাজার ইয়াবা, ছয়টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার মাশেকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রমের ওপর নজর রাখার পর শুক্রবার ভোররাতে তাদের এসব অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।