এইদিনে হানাদার মুক্ত হয় দোহাজারী

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী হানাদার মুক্ত দিবস আজ ১৪ ডিসেম্বর। দক্ষিণ চট্টগ্রামের দোহাজারীতে পাক হানাদার বাহিনীর শক্ত ঘাঁটি ছিল। ১৯৭১ সালের ঐদিনে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে টিকতে না পেরে পাকিস্তানি হানাদার বাহিনীর সৈন্যরা পরাজিত হয়ে পালিয়ে গেলে দোহাজারী হানাদার মুক্ত হয়। পালিয়ে যাওয়ার পূর্বে সাবেক পটিয়া থানার বর্তমানে চন্দনাইশ থানার দোহাজারী শংখ ভ্যালি ব্রিজটি মাইন বিস্ফোরণ করে উড়িয়ে দেয়। ১৪ ডিসেম্বর দোহাজারী হানাদার মুক্ত দিবসে প্রথমে দোহাজারীতে জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধকালীন ৫৪ নম্বর গ্রুপের ডেপুটি কমান্ডার বর্তমান চন্দনাইশ উপজেলা কমান্ডার জাফর আলী হিরু।