বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বানারীপাড়ায় অবৈধ খাল দখলদারদের উচ্ছেদ করে খাল মুক্ত করার অভিযান শুরু হয়েছে। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জায়েদ বিন কাশেম অবৈধ দখল উদ্ধারে এই অভিযান পরিচালনা করেন।
এ সময় অবৈধ দখলদার অর্পিতা কর্মকারের নির্মাণাধীন এবং নিত্যানন্দ শীলের পাকা দালানের একটি পিলার স্থাপন হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুলো ভেঙে ফেলেন।
অর্পিতা জানান, আমি স্থানীয় কমলের কাছ থেকে পাঁচ শতাংশ জমি কিনে ভবনের কাজ শুরু করি। এভাবে খালের একটু অংশ আমার দখলে আছে তা জানতাম না। নিত্যনন্দ জানান, সরকারি খাল দখল করিনি। খালের পাড় ভরাট হওয়ায় সেখানে কিছু গাছ রোপণ করেছি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জায়েদ বিন কাশেম জানান, এই খালের আরো যারা অবৈধ দখলদার রয়েছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।