মেয়র পদে ছয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচন

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে ছয় জন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৪ জন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন: বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী বর্তমান মেয়র বেলাল হোসেন, আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, তার স্ত্রী লাভলি আকতার ও ছোটো ভাই সাবেক থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী হাজী আহম্মেদ আলী।

ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২২ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ২০২০ সালের ১৩ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।