মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
মিরপুরে মানিক সরদার নামের এক বিছালী ব্যবসায়ীকে ৩৬৫ টাকার জন্য পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালীরা ঐ ব্যবসায়ীর ছেলেকেও পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। শুক্রবার সকালে আহত মানিক সরদার নিজ বাড়িতে মারা যায়। তিনি মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাদিমপুর এলাকার মৃত আফসার সরদারের ছেলে।
নিহতের ছেলে মাসুম সরদার বলেন, আমি এবং আমার বাবা মানিক সরদার বিছালীর ব্যবসা করি। মাসখানেক আগে ভেড়ামারা উপজেলার ফারাকপুর এলাকার এক দোকানির কাছে বিছালী বিক্রি করি। এসময় তিনি বিছালীর দাম ৩৬৫ টাকা বাকি রাখেন। বলেন পরে এসে নিয়ে যেতে। আমি এবং বাবা গত ২৯ নভেম্বর ঐ এলাকায় আবার বিছালী বিক্রি করতে গেলে পাওনা টাকা চাইলে দোকানি আমাকে গালিগালাজ করে। টাকার কথা অস্বীকার করে তিনি হাতুড়ি দিয়ে বাবাকে আঘাত করেন। আমি ঠেকাতে গেলে আমাকেও মারধর করেন। পরে তার লোকজন এসে আমাদের মারধর করে। এর পরে স্থানীয়রা আমাদের দুই জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরের দিন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ছাড়পত্র দেয়। এ ঘটনায় ভেড়ামারায় থানায় লিখিত অভিযোগ করি। শুক্রবার সকালে বাবা বাড়িতে মারা যান।
মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।