নাগরিকত্ব আইন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল এমপি

ভারতের বিতর্কিত ও মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) দেশটির পার্লামেন্টের উভয়কক্ষে পাশ হওয়ার পর বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মতি পেয়ে তা আইনে পরিণত হয়েছে। আইনটির সাংবিধানিক ভিত্তি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র। খবর এনডিটিভির

তৃণমূল এমপি মহুয়া মৈত্র আইনটিকে ভারতীয় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন। শুক্রবার মামলাটি করার পর তিনি মামলার জরুরি শুনানির আবেদন করলেও শীর্ষ আদালত অবশ্য তাতে সম্মতি দেয়নি। মহুয়ার আইনজীবী সুপ্রিম কোর্টকে শুক্রবার কিংবা আগামী ১৬ ডিসেম্বর শুনানির দিন ধার্য করার আবেদন জানান। তৃণমূল সাংসদের মামলাটি সুপ্রিম কোর্টে গৃহীত হলেও জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ। নতুন এই আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যেসব অমুসলিম ভারতে এসেছেন, তাদের অনুপ্রবেশকারী ভাবা হবে না, বরং তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। বিলটি সোমবার লোকসভায় এবং বুধবার রাজ্যসভায় পাশ হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার অবশ্য আইনটির পক্ষে যুক্তি দিয়ে বলছে, নাগরিকত্ব সংশোধনী এই আইনের মাধ্যমে প্রতিবেশী দেশগুলো থেকে ‘ধর্মীয় নির্যাতনের’ শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করা হবে। এতে মুসলিমদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিলটির প্রতিবাদে উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসাম, ত্রিপুরা ও মণিপুরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছে। পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের কিছু অংশেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।