স্পোর্টস রিপোর্টার
২০১৮ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন ডোয়াইন ব্র্যাভো। মূলত তত্কালীন বোর্ড কর্মকর্তাদের সাথে সিনিয়র এক ঝাঁক খেলোয়াড়ের মতানৈক্যের এক পর্যায়ে ব্র্যাভো এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বোর্ডে নানা ধরনের পরিবর্তনের ফলে অনেক সিনিয়র ক্রিকেটার সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরে এসেছেন। সেই ধারাবাহিকতায় গতকাল টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের জন্য তাকে পাওয়া যাবে বলে জানিয়ে দিলেন সাবেক এই ক্যারিবিয় অধিনায়ক।
চেন্নাইতে বসে ইএসপিএন ক্রিকইনফোকে ব্র্যাভো বলেছেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিজের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিতে চাই। আমাকে যদি নির্বাচন করা হয়, আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলের প্রতিনিধিত্ব করার জন্য পুরোপুরি নিবেদিত আছি। ওয়েস্ট ইন্ডিজের তরুণ প্রতিভাদের পাশে আরেকবার খেলাটা আমার জন্য ও সমর্থকদের জন্য রোমাঞ্চকর একটা ব্যাপার হবে।’
৩৬ বছর বয়সি ব্র্যাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন। এই দুই ফরম্যাটে আর খেলবেন না, সেটা নিশ্চিত করেছেন। তবে ৬৬টি টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডার সংক্ষিপ্ত এই ফরম্যাটে আবার ফিরতে চান। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে তার ফেরার একটা উজ্জ্বল সম্ভাবনাও আছে।
২০১৮ সালের অক্টোবরে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়ে কেবল ফ্রাঞ্চাইজি ক্রিকেটে মন দেন ব্র্যাভো। সে সময় ওয়েস্ট ইন্ডিজের বোর্ড নিয়ে খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ ছিল। কিন্তু ডেভ ক্যামেরনের বদলে রিবি স্কেরিট বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর এবং সাবেক খেলোয়াড় প্রিয় কোচ ফিল সিমন্স ফেরার পর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে।
ব্র্যাভো বলেছেন, বর্তমান সময়ের বোর্ডের আচরণ তার কাছে অসাধারণ মনে হয়েছে। তিনি বলছিলেন, ‘তারা বোঝে এবং শোনে। তারা আলোচনা করে এবং সামনে এগোতে চায়। এটাই মূল পার্থক্য। আর এ কারণেই আমার ফিরে আসা ও আবার ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। আমি অধিনায়ক, কোচ, বোর্ড সভাপতি, ক্রিকেট পরিচালক, নির্বাচক কমিটির চেয়ারম্যানের সাথে আলাপ করেছি। আমি নিশ্চিত করেছি যে, আমাকে টি-টোয়েন্টি দলের জন্য পাওয়া যাবে।’
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে এই সময়ে দারুণ এক পরিবর্তনের বাতাস চলছে। এমনও শোনা যাচ্ছে যে, আন্দ্রে রাসেল ও সুনীল নারিনও জাতীয় দলে ফিরে আসতে পারেন। এদের ফেরা সম্পর্কে ব্র্যাভো বলছিলেন, ‘যদি রাসেল ফেরে, নারিন ফেরে এবং আমি আছি। আর ইউনিভার্স বস (ক্রিস গেইল) কী করবে, তা তো জানি না। সেও সম্ভবত থাকবে। সে ক্ষেত্রে আমরা সবাই আবার আগের মতো একসাথে চলতে পছন্দ করবো। ক্রিস গেইলের সাথে আরেকবার খেলাটা অসাধারণ একটা ব্যাপার হবে।’