সুরাহা হয়নি :শেখ রাসেল সমস্যা নেই :আবাহনী

তিন ফুটবলার নিয়ে জটিলতা

স্পোর্টস রিপোর্টার

খেলোয়াড় দলবদলের সময় এক ক্লাব থেকে আগাম পারিশ্রমিক নিয়ে অন্য ক্লাবে যোগ দেওয়ার ঘটনায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভাগ্য। বিষয়টি এখন আদালত পাড়ায়। তবে অভিযুক্ত তিন ফুটবলার ফেডারেশন কাপে খেলতে পারবেন কি না তা এখনো বলতে পারছে না বাফুফে। তবে বাফুফের একটি সূত্রের দাবি অভিযোগ পড়েছে কিন্তু সুরাহা হয়নি। শেখ রাসেল ক্রীড়া চক্রের সোহেল রানা, আবাহনীর সোহেল রানা এবং রায়হান হাসান। এই তিন ফুটবলার নতুন মৌসুমে শেখ রাসেলে খেলবেন বলে আগাম পারিশ্রমিক নিয়েছেন দাবি শেখ রাসেলের। কিন্তু এই তিন ফুটবলারই আবাহনীতে থেকে গেছেন। তাদেরকে আবাহনীর অনুশীলনেও দেখা গেছে।

শেখ রাসেল হতে আবাহনীতে যোগ দেওয়া সোহেল রানা সম্প্রতি আবাহনীর অনুশীলন শেষে জানিয়েছিলেন তার সঙ্গে প্রতিশ্রুতি রাখেনি শেখ রাসেল কর্মকর্তারা। সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও পুত্র সন্তানকে হারিয়ে শোকাহত সোহেল রানার প্রতি সুবিচার হয়নি। তিনি বলেছেন, ‘বিষয়টি আদালতে গড়িয়েছে।’ গতকাল ফেডারেশন কাপ ফুটবলের ড্র অনুষ্ঠান শেষে শেখ রাসেলের কর্মকর্তা সালেহ জামান সেলিম বললেন, ‘তিন ফুটবলার বিষয়ে এখন আদালতের স্থগিতাদেশ রয়েছে। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত খেলতে পারবে না।’

আবাহনী জানিয়েছে তারা এমন কিছু জানে না। আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রূপু বললেন, ‘বিয়ষটি আদালতে গিয়েছিল সেখান থেকে খারিজ হয়ে গেছে। আমার জানা মতে কোনো সমস্যা নেই। তিন ফুটবলারই খেলতে পারবেন। কারণ ওদের রেজিস্ট্রেশন হয়েছে আবাহনীর নামে।’