‘আবারও পেছাবে না এল ক্লাসিকো’

স্পোর্টস ডেস্ক

স্পেনে চলমান রাজনৈতিক অস্থিরতার জের খেলার মাঠেও পড়ার আশংকায় অক্টোবর থেকে সরিয়ে আসছে ১৮ ডিসেম্বরে নিয়ে আসা হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ‘এল ক্লাসিকো’ দ্বৈরথ। আগামী সপ্তাহে এই ম্যাচকে সামনে রেখেও আছে অস্থিরতার আশঙ্কা। তবে বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমিউ জানালেন আর পেছাবে না এল ক্লাসিকো।

তবে বার্সা সভাপতি জানালেন চলমান রাজনৈতিক কঠিন এক মুহূর্তই সৃষ্টি করেছে। সম্প্রতি সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘এল ক্লাসিকো আবারও পেছাবে না। ম্যাচটা হবে এবং খেলাটা আমাদের দায়িত্বের ভেতরেই পড়ে। আমরা কঠিন এক মুহূর্তে আছি। তবে এটা ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব।’

তিনি আরো যোগ করেন, ‘যেই শান্তিপূর্ণ দাবি নিয়ে আসবে, শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকবে। ক্লাসিকো খেলার একটা উদ্যাপনের মতোই ব্যাপার।’

সেদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিওনেল মেসির বিষয়েও মুখ খুলতে হলো বার্সা সভাপতিকে। চলতি বছরের ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর জেতা আর্জেন্টাইন তারকা ভবিষ্যতে আরো এমন পুরস্কার জিতবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি, ‘তার ছয়টা ব্যালন ডি’অর আছে এবং আরো বেশি জেতা উচিত তার। আমি নিশ্চিত সে আরো বেশি ব্যালন ডি’অর জিতেই ক্যারিয়ার শেষ করবে।’