ড্র করেছেন নিয়াজ মোরশেদ
স্পোর্টস রিপোর্টার
ওয়ালটন রেফ্রিজারেটর প্রিমিয়ার দাবা লিগের সপ্তম রাউন্ডে হেরেছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। লিগের বর্তমান সাইফ স্পোর্টিংয়ের জিয়াকে হারিয়েছেন শেখ রাসেল চেস ক্লাবের শওকত হোসেন পল্লব। এই দাবাড়ু অনেক দিন ধরেই দাবা খেলছেন।
সব জুনিয়র চ্যাম্পিয়ন পল্লব জিয়ার মতো তারকা দাবাড়ুকে হারিয়ে কাল অঘটনই ঘটিয়ে ফেললেন। জিয়া হারলেও পয়েন্ট তালিকায় এখনো যৌথভাবে শীর্ষে রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। পুলিশ ও সাইফ স্পোর্টিং ১৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত জিয়ার হারের দিনে ড্র করেছেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ। বিমানের ফিদে মাস্টার জয়দেব দত্ত পুলিশের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের বিপক্ষে ড্র করেন। কাল জিয়া হারলেও জয় নিয়ে ঘরে ফিরেছেন তার ছেলে খুদে দাবাড়ু তাহসিন তাজওয়ার জিয়া। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের দাবাড়ু তাহসিন তাজওয়ার জিয়া সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের ইব্রাহীমকে হারায়।