মাচার নিচে নারী শ্রমিকের লাশ

গাজীপুর মহানগরীর হাতিয়াব খিলপাড়া এলাকা থেকে এক নারী গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। শুক্রবার সকালে ঐ এলাকার একটি রাস্তার পাশের শিমগাছের মাচার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আসমা খাতুন (২৮) নগরীর ভাওয়াল গাজীপুর এলাকার কছিম উদ্দিনের মেয়ে। আসমার ভাই নজরুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের উত্তর সালনা এলাকার একটি কারখানায়  তার বোন চাকরি করতেন। ছুটির পর প্রতিদিন হাতিয়াব খিলগাঁও মাদ্রাসার কাছে এসে তিনি অপেক্ষা করতেন। সেখান থেকে তার মা আসমাকে বাড়ি নিয়ে যেতেন। বৃহস্পতিবার কারখানা ছুটির পর রাত ৯টার দিকে খিলগাঁও মাদ্রাসার কাছে এসে মাকে ফোন দেন আসমা। কিন্তু কয়েক মিনিট পর সেখানে এসে তার মা আসমাকে পাননি। রাতে তারা আসমাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। শুক্রবার সকালে খবর পেয়ে তারা খিলপাড়া এলাকায় গিয়ে লাশ শনাক্ত করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, নিহতের গলায় রশি প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে।