গাজীপুরে গতকাল শুক্রবার ডায়রিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২০ জন। তাদের মধ্যে ৪৮ জনকে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসিন্দাদের পানি ফুটিয়ে খেতে এবং সচেতনতামূলক নানান পরামর্শ দিয়ে এলাকায় মাইকিং করেছে সিটি করপোরেশন। বাতিল করা হয়েছে তাদের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সকল প্রকার ছুটি।
শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক প্রণয় ভূষণ দাস জানান, শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত ১২০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ৪৮ জনকে ভর্তি করে চিকিত্সা দেওয়া হচ্ছে। বাকিরা জরুরি বিভাগে চিকিত্সা নিয়ে বাসায় চলে গেছে।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রহমতউল্লাহ জানান, ডায়রিয়ার ঘটনায় সিটি মেয়র ছয়টি মেডিক্যাল টিম গঠন, ৫৫ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও পর্যাপ্ত খাবার স্যালাইন বরাদ্দ করেছেন। টিমের সদস্যরা আক্রান্ত এলাকার প্রতিটি বাড়িতে যাচ্ছেন। এ পর্যন্ত ২০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ২২ হাজার খাবার স্যালাইন বিতরণ করেছেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর বিভাগের ছয় সদস্যের একটি প্রতিনিধি দলও তাদের সঙ্গে কাজ করছে। উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর থেকে গাজীপুরে গত কয়েক দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু এবং ৫ শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে।