সরকার আবারও গায়েবি মামলা দেওয়া শুরু করেছে :রিজভি

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে সুপ্রিম কোর্ট এলাকায় সরকারের বিশেষ বাহিনী আগুন দিয়ে তিনটি মোটরসাইকেল পুড়িয়েছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকারের চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে দেখে আবারও অস্থির হয়ে গেছে। ক্ষমতা হারানোর ভয়ে আবারও উদ্ভট, বানোয়াট, আজগুবি মামলার প্লাবন বইয়ে দিচ্ছে। গায়েবি মামলা শুরু করেছে। সরকারের মতো পুলিশরাও এখন গায়েবি তথ্য উত্পাদনের কারখানায় পরিণত হয়েছে। সিনিয়র নেতাদের নামে একের পর এক মামলা দিয়েই যাচ্ছে। মৃত ব্যক্তি, কারাবন্দি নেতাদেরও গায়েবি মামলার পাইকারি আসামি করা হচ্ছে। মামলাকে হাস্যকর উল্লেখ করে রিজভী বলেন, তিনটি মোটরসাইকেল পোড়াতে ১৩৫ নেতার প্রয়োজন পড়ল!

গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন। রিজভী বলেন, খালেদা জিয়ার জামিন শুনানির আগের দিন সুপ্রিম কোর্ট এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। সেখানে কাক-পক্ষিও ঢুকতে বাধা দিয়েছে পুলিশ। সেখানে মোটরসাইকেলে আগুন লাগানোর ঘটনা তারা ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, সরকার বর্তমানে নতুন কোনো ইস্যু পাচ্ছে না। তাই আগের মতো আবার আগুনের খেলা শুরু করছে।

তিনি বলেন, বেগম জিয়ার জামিন শুনানির আগের দিন হাইকোর্টসংলগ্ন এলাকা আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বেষ্টিত ছিল এবং এক ধরনের সান্ধ্য আইন জারি ছিল। সেখানে মোটরসাইকেলে আগুন লাগানোর ঘটনা তারা ছাড়া কারো পক্ষেই সম্ভব নয়। এভাবেই রাষ্ট্রযন্ত্রকে কব্জায় নিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে সরকার টিকে আছে।