শুধু নামের মিলের কারণে...

চৌগাছায় নামের মিল থাকায় এক আব্দুল আজিজের বদলে আরেক আব্দুল আজিজকে গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। নিরপরাধ আব্দুল আজিজ বর্তমানে কারাগারে থাকলেও প্রকৃত আসামি ধরা-ছোঁয়ার বাইরে। আসামি আব্দুল আজিজ গত তিন বছর ধরে কাতারে রয়েছেন। আসামি আব্দুল আজিজের বর্তমান বয়স ৪০ বছর হলেও গ্রেফতার আব্দুল আজিজের বয়স ৬১ বছর। অপরদিকে আসামি আব্দুল আজিজের পিতা আহাদ আলী কারিগর জীবিত থাকলেও গ্রেফতার আব্দুল আজিজের পিতা মৃত। আসামি আজিজের মায়ের নাম মর্জিনা বেগম হলেও গ্রেফতার আজিজের মায়ের নাম মৃত খাদিজা। পুলিশ বলছে নাম, বাবার নাম, গ্রামের নাম মিল থাকায় এমন ঘটনা ঘটেছে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, ২০০৯ সালের মামলার ওয়ারেন্ট কার্যকর করতে গিয়ে নাম, বাবার নাম একই হওয়ায় আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তারা কিন্তু বলেনি, এই মামলার আসামি নয়। তার নামে অন্য মামলা আছে। সেজন্য তারাও মনে করেছে ওয়ারেন্ট হতে পারে। আদালতে হাজির করলেও বলেনি। পরবর্তী সময়ে আদালতের নথিতে জানা যায় এই আব্দুল আজিজ, সেই আসামি নয়। আমরা তদন্ত করে আদালতে প্রতিবেদন দেবো ‘ভুল হয়েছে’। তিনি বলেন, ওয়ারেন্ট নাম-ঠিকানা দেখেই আসামি গ্রেফতার করা হয়। যাচাই করার সুযোগ থাকে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২২ অক্টোবর রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে লোহিত মোহন সাহার ছেলে নবকুমার সাহার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ২৩ অক্টোবর নবকুমার সাহা অজ্ঞাত ব্যক্তিদের নামে বাঘারপাড়া থানায় মামলা করেন। মামলা দায়েরের পর ২০১১ সালের ৩০ মার্চ তৎকালীন বাঘারপাড়া থানায় কর্মরত এসআই গাজী আব্দুল কাইয়ুম ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে ৯ আসামির মধ্যে সাত নম্বর আসামি করা হয় চৌগাছা উপজেলার সিংহঝুলি (মাঠপাড়া) গ্রামের আহাদ আলী কারিগরের ছেলে আব্দুল আজিজকে (জাতীয় আইডি কার্ডে আছে আজিজুর রহমান)। চার্জশিটে যার বয়স উল্লেখ করা হয় ৩০ বছর। আদালত পলাতক আসামি আব্দুল আজিজসহ অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পুলিশ ২০১২ সালের ১ মার্চ তারিখে আব্দুল আজিজকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত আব্দুল আজিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী সময়ে আব্দুল আজিজ ২০১২ সালের ৫ মার্চ তারিখে জামিনে মুক্তি পান। আসামি আব্দুল আজিজের আইনজীবী ছিলেন যশোর বারের সাবেক সম্পাদক শাহানুর আলম শাহিন। সেই থেকে আহাদ আলীর ছেলে আব্দুল আজিজ আদালতে নিয়মিত হাজিরা দেন।

তবে তিন বছর আগে আসামি আব্দুল আজিজ কাতারে চলে যান। প্রবাসে চলে যাওয়ায় আসামি আব্দুল আজিজ আদালতে গরহাজির থাকেন। ফলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ চলতি বছরের ৭ নভেম্বর তার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানার ভিত্তিতে ৯ ডিসেম্বর রাতে চৌগাছা থানার এএসআই আজাদের নেতৃত্বে পুলিশ প্রকৃত আসামি আহাদ আলী কারিগরের ছেলে আব্দুল আজিজকে বাদ দিয়ে মৃত আহাদ আলী দফাদারের ছেলে আব্দুল আজিজকে (একই গ্রামের দফাদারপাড়ার বাসিন্দা) গ্রেফতার করে আদালতে পাঠায়। জজ আদালত শীতকালীন অবকাশে থাকায় ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুল আজিজকে তোলা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে নিরপরাধ আব্দুল আজিজ কারাগারে দিন কাটাচ্ছেন।

চৌগাছা থানার এএসআই আজাদ সাংবাদিকদের বলেন, আসামির নাম-ঠিকানা সঠিক থাকার পরই তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আব্দুল আজিজের পরিবার থেকেও জানানো হয়নি যে তিনি মামলার আসামি না।

ইত্তেফাক/এমআর