হিসাববিজ্ঞান
নির্মল ইন্দু সরকার, প্রভাষক
সেন্ট গ্রেগরিজ হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা
সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি অধ্যায় থেকে কিছু অঙ্ক দেয়া হলো বাসায় অনুশীলন কর।
১. ক, খ ও গ একটি অংশীদারি প্রতিষ্ঠানের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ—লোকসান যথাক্রমে ২ ঃ ২ ঃ ১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল ঃ ক—এর ২০,০০০ টাকা, খ—এর ১৫,০০০ টাকা এবং গ—এর ১০,০০০ টাকা। অংশীদারগণের মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। ‘গ’ ব্যবসা হতে মাসিক ২০০ টাকা করে বেতন পাবে এবং এই বেতনের টাকা সে এখন পর্যন্ত উত্তোলন করে নাই। সম্ভাব্য লাভের প্রত্যাশায় ২০১৪ সালে ক—৬,০০০ টাকা, খ—৩,০০০ টাকা এবং ৪,৫০০ টাকা ব্যবসায় হতে উত্তোলন করেছিল। ২০১৪ সালের ১ জুলাই তারিখে ক ৬,৫০০ টাকা অতিরিক্ত মূলধনস্বরূপ সরবরাহ করে, পক্ষান্তরে ঐ একই তারিখে ‘খ’ ৪,৫০০ টাকা ঋণস্বরূপ ব্যবসায়ে আনয়ন করে। অংশীদারগণের উত্তোলনের সুদ ক—এর ১০০ টাকা, খ—এর ৪৫ টাকা এবং গ—এর ৭৫ টাকা নির্ণয় করা হয়। ‘গ’ এর বেতনের টাকা ডেবিট করার পর কিন্তু উপরোক্ত অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বত্সরের জন্য ব্যবসায়ের লাভ ১০,৩০০ টাকায় উপনীত হলো।
ক. ‘ক’ এর মূলধনের সুদ ও ‘খ’ এর ঋণের সুদ নির্ণয় কর। ০২
খ. ক, খ ও গ এর লাভ—লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। ০৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর। ০৪
২. বুধ ও শুক্র একটি কারবারের দু’জন অংশীদার। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে উত্তোলন ও মুনাফার অংশ সমন্বয়ের পর তাদের মূলধনের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ৫৫,০০০ টাকা ও ৪৫,০০০ টাকা। পরে দেখা গেল যে, মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ৫% হারে সুদ এবং শুক্র এর জন্য প্রদেয় প্রতিমাসে ৩০০ টাকা হারে বেতন হিসাবভুক্ত হয়নি। তারা সমান হারে বণ্টনযোগ্য মুনাফা ১২,০০০ টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। অংশীদারদের প্রত্যেকের উত্তোলনের পরিমাণ ছিল ৫,০০০ টাকা। উত্তোলনের ওপর এক বছরের সুদ ধরতে হবে।
ক. অংশীদারদের বার্ষিক উত্তোলনের সুদ নির্ণয় কর। ০২
খ. লাভ—লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত কর। ০৪
গ. মূলধনের সুদ, মুনাফা অথবা ক্ষতির অংশ, বেতন, উত্তোলনের সুদসংক্রান্ত জাবেদা দাখিলা দাও। ০৪
৩. ক ও খ একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তারা কারবারের লাভ—লোকসান যথাক্রমে ৩ ঃ ২ অনুপাতে ভাগ করে নেয়। ২০১২ সালে ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৭৫,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর ১০% হারে সুদ ধার্য করতে হবে। তারা সারাবছর ধরে যথাক্রমে ১৬,০০০ টাকা এবং ১২,০০০ টাকা কারবার হতে নগদ উত্তোলন করেন। ২০১২ সালের ১ জুলাই ক কারবারে ২০,০০০ টাকা ঋণ দেয়। কারবার পরিচালনার জন্য চুক্তি অনুযায়ী ক মাসিক ৪০০ টাকা বেতন পায়, যা সে কারবার থেকে তুলে নেয় নাই। ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে ঋণের সুদ সমন্বয়ের পর কিন্তু উপরোক্ত অন্যান্য সমন্বয়ের পূর্বে কারবারের নিট লাভ ৮২,০০০ টাকায় উপনীত হয়।
ক. ঋণের সুদ নির্ণয় কর। ০২
খ. অংশীদারদের লাভ—লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। ০৪
গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি কর। ০৪
৪. অরুণ, বরুণ ও তরুণ তিনজন অংশীদার। ২০১৪ সালের জানুয়ারি মাসের প্রথমে তাদের মূলধনের উদ্বৃত্ত ছিল যথাক্রমে তরুণের ১,০০,০০০, ৮০,০০০ ও ৬০,০০০ টাকা এবং তরুণের ঋণ হিসাবের উদ্বৃত্ত ছিল ২০,০০০ টাকা। তারা ৫ ঃ ৩ ঃ ২ অনুপাতে কারবারের লাভ—ক্ষতি বণ্টন করে। অরুণ কারবার হতে প্রতি মাসের প্রথমে ৬০০ টাকা, বরুণ প্রতি মাসে ৭০০ টাকা এবং তরুণ প্রতি মাসের শেষে ৭০০ টাকা করে উত্তোলন করেছিল। নগদ উত্তোলন ছাড়াও বরুণ কারবার হতে ৩,০০০ টাকার পণ্য উত্তোলন করেছিল। ব্যবসায়িক প্রয়োজনে তরুণ বত্সরের মাঝামাঝি সময়ে আরও ১০,০০০ টাকা ঋণ হিসাবে প্রদান করে। অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। সে বছর কর্মচারীদের বেতন বাবদ ১২,০০০ টাকা এবং অফিসের ঘর ভাড়া বাবদ ২০,০০০ টাকা প্রদান করেই কারবারের নিট লাভ অর্জিত হয়েছিল ৭২,০০০ টাকা।
ক. কর্মচারীদের বকেয়া বেতন ও অফিস ভাড়ার জাবেদা লিখ। ০২
খ. অংশীদারদের মোট উত্তোলন এবং উত্তোলনের ওপর ধার্যকৃত সুদের পরিমাণ নির্ণয় কর। ০৪
গ. তরুণের ঋণ হিসাব প্রস্তুত কর। ০৪
৫. জাওয়াদ, নাসিফ ও নবীন একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০১৭ সালের ১লা জানুয়ারি তারিখে তাঁদের মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ টাকা; ৬০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। ২০১৭ সালের ১লা জানুয়ারি তারিখে তাঁদের চলতি হিসাবের ব্যালেন্স (উদ্বৃত্ত) ছিল জাওয়াদ ৫,০০০ টাকা (ক্রেডিট), নাসিফ ২,৫০০ টাকা (ডেবিট), নবীন ৩,৭০০ টাকা (ক্রেডিট)। সম্ভাব্য লাভের আশায় জাওয়াদ ও নাসিফ ব্যবসায় থেকে প্রতি মাসের শুরুতে ৮০০ টাকা ও ৫০০ টাকা এবং নবীন প্রতিমাসের শেষে ৭০০ টাকা করে নগদ উত্তোলন করে। নগদ উত্তোলন ছাড়াও জাওয়াদ ব্যক্তিগত ব্যবহারের জন্য ৫,০০০ টাকার পণ্য ব্যবসায় হতে উত্তোলন করে যা হিসাব বইতে লেখা হয়নি। নাসিফ সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসে ১,২০০ টাকা করে বেতন পায়। মূলধন ও নগদ উত্তোলনের ওপর বার্ষিক ৬% সুদ ধার্য করা হয়। তাঁরা যথাক্রমে ৩ ঃ ২ ঃ ১ অনুপাতে মুনাফা ও ক্ষতি বণ্টন করে নেয়।
উপরিউক্ত সমন্বয়সমূহ সাধনের পূর্বে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে মুনাফার পরিমাণ দাঁড়ায় ৫৪,৮০০ টাকা।
ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর। ০২
খ. লাভ—লোকসান আবন্টন হিসাব তৈরি কর।০৪
গ. নাসিফ ও নবীনের চলতি হিসাব তৈরি কর। ০৪