খাওয়ার পানির তীব্র সংকট
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
দাউদকান্দি উপজেলার নলকূপগুলোতে অস্বাভাবিক মাত্রায় আর্সেনিক থাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আটটি ইউনিয়নের নলকূপ পরীক্ষা করে কোনো কোনো ইউনিয়নে শতকরা ৯৫ ভাগ নলকূপে আর্সেনিকের উপস্থিতি পায়। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপপ্রকৌশলী তারেক রহমান বলেন, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ২ হাজার ২৬৭টি নলকূপের মধ্যে ২ হাজার ৩৩৮টিতেই আর্সেনিক রয়েছে। মালিগাও ইউনিয়নের ৩ হাজার ৫২২টি নলকূপের মধ্যে ৩ হাজার ৪৭টিতেই আর্সেনিক রয়েছে।
উপপ্রকৌশলী তারেক রহমান আরো বলেন, ৩০০ ফুট গভীরতার অনেক নলকূপে আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। কোনো কোনো ইউনিয়নের ৯৫ ভাগ নলকূপে আর্সেনিক থাকায় পানীয় জলের সংকট মারাত্মক রূপ নিয়েছে। এ সংকট নিরসনের জন্য ২০১৫ সাল থেকে ইউনিসেফের সহযোগিতায় প্রতি ২০টি পরিবারে একটি করে গভীর নলকূপ বসানোর প্রকল্প শুরু হয়েছে এবং আগামী ২০২১ সাল নাগাদ এ প্রকল্পের মাধ্যমে সব কয়টি ইউনিয়নের খাবার পানির সংকট নিরসন করা যাবে বলে উপপ্রকৌশলী আশা প্রকাশ করেন।