ওমানে ফিরতি সিরিজ খেলবে হকি দল

স্পোর্টস রিপোর্টার

আগেই কথা ছিল ওমান অনূর্ধ্ব-২১ হকি দল বাংলাদেশে খেলে গিয়ে তাদের দেশেও ফিরতি সিরিজ হবে। বাংলাদেশ সেখানে খেলতে যাবে। ডিসেম্বরে সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। কারণ ওমান নিজেরাই এখনো প্রস্তুতি না সিরিজের জন্য। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, ডিসেম্বরে না হলেও সিরিজ বাতিল হয়নি। মার্চে হবে। ওমানের একটি ফোর ন্যাশন টুর্নামেন্ট আছে।’

কবে নাগাদ এ সিরিজ হবে তার সময়সূচি চূড়ান্ত না হলেও ইউসুফ জানিয়েছেন সিরিজ হবে। কারণ প্রতিশ্রুতিই ছিল ওমান এখানে খেলবে আমরা গিয়ে ওমানে খেলব। তা ছাড়া জুনে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি যেটি রয়েছে সেটির প্রস্তুতি হিসাবে ওমানকে ধরে রেখেছি আমরা।

অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ বাছাই হকি টুর্নামেন্ট হবে ঢাকায়। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ খেলাটি আয়োজন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি হবে তবে বাংলাদেশ যেন ভালো করতে পারে তার জন্য দীর্ঘমেয়াদি প্রস্তুতি চলছে।

জাপান, কোরিয়া, চীন, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, ওমান, বাংলাদেশ খেলবে বাছাই টুর্নামেন্টে। এখান থেকে তিনটি দেশ অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে খেলার সুযোগ পাবে।

অনূর্ধ্ব-২১ হকির ক্যাম্পে ৩৬ জন খেলোয়াড় রয়েছে। তবে এই ক্যাম্প বর্তমানে বন্ধ রাখা হয়েছে, কারণ খেলোয়াড়দের মান বাড়াতে তাদের বিজয় দিবস হকি টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ জন খেলছেন সোনালী ব্যাংক ক্লাবে। এরই মধ্যে তারা ভালো পারফরম্যান্স করছে বলে মনে করছেন ফেডারেশনের এ কর্মকর্তা।

জাতীয় দলের জন্য বিদেশি কোচ আসবে কিনা এমন প্রশ্নে ইউসুফ জানিয়েছেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আমরা টুর্নামেন্ট আয়োজন করছি। একটা বাজেটও সরকারের কাছে পাঠানো হয়েছে। যদি সেটা অনুমোদন হয়ে আসে তাহলে দলের জন্য বিদেশি কোচও আনা যাবে। তবে সব কিছু নির্ভর করছে অর্থ প্রাপ্তির ওপর এবং আমাদের ফেডারেশন সভাপতি যেভাবে পরিকল্পনা দেবেন আমরা সেভাবে কাজ করে যাব।’

ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ বিদেশে অবস্থান করছেন। তার পরিবর্তে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ইউসুফ। যিনি বিভিন্ন সময় হকি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। ফেডারেশন সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ সিঙ্গাপুরে এএইচএফ অনূর্ধ্ব-২১ নারী হকি টুর্নামেন্টে গিয়েছিলেন। তিনি ছুটি নিয়ে গিয়েছিলেন। শুনেছি আবারও তিনি ছুটির আবেদন পাঠিয়েছেন। আসলে আমি এ বিষয়টা নিয়ে খুব বেশি কিছু বলতে পারব না। কারণ ছুটির কাগজ আমার কাছে আসেনি। আমি শুনেছি। সব কিছু নির্ভর করছে সভাপতির ওপর।’