স্পোর্টস ডেস্ক
আগামী চার দিনের ব্যবধানে রিয়াল মাদ্রিদ খেলবে ভ্যালেন্সিয়া আর বার্সেলোনার মাঠে। মৌসুমের অন্যতম কঠিন সপ্তাহটিকে সামনে রেখে কোচ জিনেদিন জিদানকে তাই কিছুটা কৌশলীই হতে হচ্ছে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় আজ রাতের খেলাটিতে জিদান বিশ্রাম দেবেন অধিনায়ক সার্জিও রামোসসহ মূল দলের ছয় খেলোয়াড়কে। তারা হলেন থিবো কোর্তোয়া, দানি কারভাহাল, রাফায়েল ভারান, টনি ক্রুস, ফ্রেদেরিকো ভালভার্দে ও করিম বেনজেমাকে।
দলের আরেক অপরিহার্য অংশ ক্যাসেমিরো ভ্যালেন্সিয়া ম্যাচের আগেই চারটি হলুদ কার্ড হজম করেছেন। আজকের ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখলেই পরের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না ব্রাজিলীয় এ খেলোয়াড়। ফলে ধারণা করা হচ্ছে আজকের ম্যাচে তাকে খেলানোর ঝুঁকিটা নাও নিতে পারেন জিদান।
তবে জিদানের এ ঝুঁকি না নেওয়াটাও বড়ো একটা ঝুঁকিই হয়ে যাচ্ছে রিয়ালের জন্যে। বার্সেলোনা যদি গতকাল রিয়াল সোসিয়েদাদের মাঠে জিতে থাকে আর আজ রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারে রিয়াল, তবে তিন পয়েন্ট পিছিয়ে এল ক্লাসিকোয় নামবে জিদানের শিষ্যরা। এল ক্লাসিকো হারলে ব্যবধানটা বেড়ে দাঁড়াবে ছয়ে। সেক্ষেত্রে রিয়ালের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যটাও চলতি মৌসুমেও ধোঁয়াশায় পড়ে যাওয়ার শঙ্কাটা থাকছেই দলটির জন্যে।