ভারতে অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার আইনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজ্যে চলা বিক্ষোভের সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে ৫ ট্রেনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। ‘ভারত বাঁচাও’ সমাবেশ করেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নতুন আইনের প্রতিবাদে র্যালির ডাক দিয়েছেন। এরই মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা হুঁশিয়ারি দিয়েছেন, পরিস্থিতি এভাবে চললে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি করা ছাড়া উপায় থাকবে না। যুক্তরাষ্ট্রসহ তিন দেশ ভারতের উত্তর-পূর্ব রাজ্যে ভ্রমণে সতর্কতা জারি করেছে। খবর এনডিটিভি, ইন্ডিয়া টাইমস ও আনন্দবাজার পত্রিকার
৫ ট্রেনে আগুন
মুর্শিদাবাদ, ফারাক্কা স্টেশন ও হাওড়া জেলার দক্ষিণ পূর্ব রেলপথে বাউরিয়া ও নলপুর স্টেশনগুলোতে দফায় দফায় রেল অবরোধ করে বিক্ষোভকারীরা। ৫টি খালি ট্রেনে আগুন দেওয়া হয়। এর আগে নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল হয় উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো। কিন্তু সংশোধিত নাগরিকত্ব আইনে অনুমোদন দেওয়ার পর থেকেই ক্রমশ জটিল হতে শুরু করে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও। শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক ও রেল অবরোধ করায় বারবার বিঘ্নিত হয় পরিষেবা। অবরোধ করে প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকে গতকালও। এর আগে একইরকম অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় আসামেও। সেখানে পরিস্থিতি এমন দাঁড়ায় যে, গুয়াহাটিতে জারি করতে হয় কারফিউ। যদিও পরে পরস্থিতি আয়ত্ত্বে এলে ধীরে ধীরে সেখানেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু এখন পশ্চিমবঙ্গে উত্তেজনা ক্রমশই প্রবল হচ্ছে।
আমাদের কলকাতা প্রতিনিধি জানিয়েছেন, মানুষকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ-আন্দোলন করার বিষয়ে আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের আবেদনকে উপেক্ষা করেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় রাজ্য পরিবহন দফতরের অধীনস্থ তিনটি সরকারি বাসসহ ১৫টি বাসে। স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেলে একটি সূত্র জানিয়েছে, সাকরাইল স্টেশন চত্বরের দোকানেও ভাঙচুর হয়েছে। কন্ট্রোল প্যানেল ক্ষতিগ্রস্ত হওয়ায় সিগন্যালিং সিস্টেম মুখ থুবড়ে পড়েছে। পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল বহু যাত্রীবাহী ট্রেনও বাতিল করেছে। কিছু ট্রেন অল্প দূরত্বেও চালানো হয় পরিস্থিতি বুঝে। শিয়ালদহ-জঙ্গিপুর, কাটোয়া-নিমতিতা প্যাসেঞ্জার, মালদহ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, ভগলপুর-আজিমগঞ্জ প্যাসেঞ্জারসহ ৫০টিরও বেশি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে।
ভ্রমণে সতর্কতা জারি
আসাম, মেঘালয়, গুয়াহাটিসহ উত্তর-পূর্ব ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। বিশেষ প্রয়োজন ছাড়া এ সমস্ত অঞ্চলে আপাতত পা না রাখার পরামর্শই দেওয়া হয়েছে প্রবাসী ভারতীয় এবং সংশ্লিষ্ট দেশের নাগরিকদের।
‘ভারত বাঁচাও’ সমাবেশ কংগ্রেসের
‘ভারত বাঁচাও’ সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস। দেশের অর্থনীতির দুরাবস্থা, সংশোধিত নাগরিকত্ব আইন, কৃষকদের দুর্দশা ও কর্মসংস্থানসহ বিভিন্ন ইস্যুতে গতকাল রাজধানী দিল্লিতে এ সমাবেশ করার কথা। সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াংকা গান্ধীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।