বুড়িগঙ্গা নদী দখল করে গড়ে ওঠা ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল শনিবার সকাল থেকে রাজধানীর লালবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, উচ্ছেদ অভিযানে ছোটো-বড়ো প্রায় ৩০টি অবৈধ স্থাপনা ও বেশ কয়েকটি রিকশা, ভ্যান ও ট্রাকের গ্যারেজ উচ্ছেদ করা হয়। স্থানীয় লোকজনের দেওয়া তথ্যমতে, গ্যারেজের ব্যবসার সঙ্গে মাদকব্যবসাসহ অসামাজিক কার্যকলাপ চলত এসব স্থানে।
তিনি আরো জানান, উচ্ছেদ পরিচালনার সময় কিছু অসাধু ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করলেও আনসার, র্যাব ও পুলিশের সতর্ক অবস্থানের কারণে কোনো বিশৃঙ্খলা হয়নি। পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা উচ্ছেদ অভিযানে অংশ নেন।