বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনায় দেশ গড়ার আহ্বান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা দেশমাতৃকার জন্য প্রাণ উত্সর্গ করেছেন। তাদের আদর্শ ও চেতনার ভিত্তিতে দেশ গড়ে উঠলে তাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হবে। প্রধানমন্ত্রী সে লক্ষ্যকে সামনে রেখেই দেশ পরিচালনা করছেন। গতকাল শনিবার সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বিজয় উত্সব ২০১৯’ এর ২য় দিনের বিকালে রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ দিন রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চে দলীয় সঙ্গীত, একক সঙ্গীত, দলীয় আবৃত্তি, একক আবৃত্তি, দলীয় নৃত্য ও পথনাটক প্রদর্শিত হয়।
এদিন একই সময় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ, ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চ, রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চ, একে স্কুল প্রাঙ্গণ ও দনিয়া এবং মুকুল ফৌজ মাঠে একযোগে বিজয় উত্সব শুরু হয়। আয়োজিত উত্সবে একে একে পরিবেশিত হয় দলীয় সংগীত, এক আবৃত্তি, শিশু সংগঠন পরিবেশনা, দলীয় নৃত্য ও পথনাটক।