শহিদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রাজধানীর রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সারিবদ্ধভাবে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছেন তারা। গতকাল শনিবার ভোর থেকেই সব শ্রেণি-পেশার মানুষ একাত্তরের শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় জমান রায়ের বাজারের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে ছেয়ে যায় শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বেশির ভাগ মানুষের পরনে ছিল শোকের প্রতীক কালো পোশাক। ফুলের তোড়ার সঙ্গে ছিল অনেকের হাতেই ছোটো ছোটো প্ল্যাকার্ড ও ফেস্টুন। প্রথম প্রহরেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা। এর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নাগরিক ঐক্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, শহিদ বুদ্ধিজীবী পরিবার, ঢাকা মহানগর আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন শহিদ বুদ্ধিজীবীদের প্রতি। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।