বিজয় দিবস উদ্যাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে। পরিপাটি রূপ দিয়ে নতুন ঘাস আর ফুলে ফুলে সাজানো গোটা স্মৃতিসৌধে অন্যরকম এক পরিবেশ বিরাজ করছে। এক দিন পরই সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে লাখো শহিদের রক্তে অর্জিত বিজয়কে ৪৮তম বারের মতো উদ্যাপন করবে সমগ্র জাতি।

বিজয় দিবস উপলক্ষ্যে গত ১২ ডিসেম্বর থেকে স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। স্মৃতিসৌধের মিনারগুলো ঘষেমেজে পরিচ্ছন্ন করা হয়েছে। শেষ মুহূর্তে সৌধের পাদদেশসহ পায়ে চলার রাস্তাতেও রং-তুলির আঁচড় বুলিয়ে দেওয়া হয়েছে। লাল-সবুজের সমারোহে নতুন সাজে সেজেছে ফুলের বাগানগুলো। এরই মধ্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম স্মৃতিসৌধের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন।

জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান বিজয় দিবস উদ্যাপনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুই শতাধিক শ্রমিক দীর্ঘ প্রায় দেড় মাস ধরে জাতীয় স্মৃতিসৌধের মূল টাওয়ারসহ বিভিন্ন ওয়াল, পেভমেন্টসহ পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার করেছে। সৌন্দর্য বাড়ানোর জন্য বাহারি রঙের ফুল গাছ লাগানো, ইলেকট্রিক লাইট, লেক পরিষ্কার এবং পানি দুর্গন্ধমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্মৃতিসৌধে আগত দর্শনার্থীসহ সবার নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার বলেন, অন্যবারের তুলনায় এবার দ্বিগুণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তার স্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশ ও ব্রিজসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েনের পাশাপাশি বসানো হয়েছে বাড়তি পুলিশ চেকপোস্ট। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বাড়ানো হয়েছে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত কয়েকটি স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।