পলিয়ার ওয়াহিদ
খেজুর রসের ন্যায় আমাদের বাংলাভাষা সুমিষ্ট মিহিন
আখের গুড়ের মতো লাল এ জনপদের বিপ্লব সংগ্রাম
গমের রুটিতে তবু ফুলে ওঠে স্বপ্ন আশা আহত গ্রামীণ
তবুও যুদ্ধেই কাবু কেন আজো এই বাংলা কৃষকের গ্রাম!
সরিষা ফুলের দেশে সকালের শিশিরের ভেজা মাকড়সা
পাতাঝরা গাছে গাছে কান পেতে শোনা যায় বসন্তের গান
প্রকৃতির অপরূপ সুষমা দু চোখে মেখে বুক টান টান
আমের মুকুলে ওড়ে—পুরুষ মৌমাছি এ কি আশার ভরসা?
ডাকে পাখি ভাষা যেন আমাদের কাছাকাছি যুদ্ধের পুরাণ
পাশাপাশি দাঁড়ায়েছে মসজিদ ও মন্দির মানুষ নূরান
কাঁঠালীচাপায় ঘেরা এই দেশ-মানচিত্র মাটির ভূগোল
মায়ের পুত্রের মতো প্রেমিক ও প্রেমিকায় আমরা যুগল
দোআঁশ মাটির ছেলে আমি বীজ পুঁতে করি প্রভুর অর্চনা
মাংসের কুড়ালে কাটি হাওয়াদের আলো-মাটি প্রেমের বন্দনা।