লুত্ফর রহমান রিটন
দেশের জন্যে অনায়াসে তুমি বিলিয়ে দিয়েছ প্রাণ।
এই বাংলার বাতাসে তোমার ঘ্রাণ।
এই বাংলার আকাশে তোমার ছবি আঁকে সাদা মেঘ।
তোমার তালাশে রৌদ্রের উদ্বেগ।
সমুদ্র আর নদীদের ঢেউ বারেবারে ফিরে আসে।
মিশে গেছ তুমি এই বাংলার ঘাসে।
ঘাসেদের বুকে সকালের ভেজা শিশিরকণারা চুপ...
এই বাংলার ধুলিকণা জানে তোমার দেহের রূপ।
খুনে রাঙা ছিল তোমার শরীর। বুলেটে ঝাঁজরা দেহ
পাহারায় ছিল রাতের জোনাকি ওরা ভোলে নাই কেহ...
অশ্রু সাগরে রাত্রি নিশীথে কারা কেঁদে হয় খুন?
তোমার হাড়ের বাঁশিতে বেজেছে বিজয়ের সেই ধুন...
হিউস্টন ১৩ ডিসেম্বর ২০১৯