বার্সেলোনা ২ ২ রিয়াল সোসিয়েদাদ
স্পোর্টস ডেস্ক
মৌসুমের প্রথম এল ক্লাসিকোর ঠিক আগ মুহূর্তে পাঁচ ম্যাচের জয়রথ থামলো শিরোপাধারী বার্সেলোনার। রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-২ গোলের ড্র রিয়াল মাদ্রিদকে সুযোগ দিয়েছিল শীর্ষে উঠে আসার। ম্যাচটির প্রশ্নবিদ্ধ রেফারিং নিয়ে ফুঁসছেন দলটির কোচ আর্নেস্তো ভালভার্দে ও খেলোয়াড়রা।
সোসিয়েদাদের মাঠে এনোয়েতা এই কিছু দিন আগেও বার্সেলোনার জন্যে ছিল মূর্তিমান আতঙ্ক। পেপ গার্দিওলা, টিটো ভিলানোভা কিংবা লুইস এনরিকে; কাতালান ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা কোচেরাও এ মাঠ থেকে জয় নিয়ে যেতে পারেননি। সে গেরো ভালভার্দে খুলেছিলেন প্রথম মৌসুমেই।
শনিবার রাতের ম্যাচে ২০০৭ থেকে ২০১৭ সালের স্মৃতিই যেন ফিরে ফিরে আসছিল সফরকারী শিবিরে। শুরু থেকেই বলের দখল ধরে খেলার সুফলটা সোসিয়েদাদ পেয়েছিল ১২ মিনিটে। বক্সের ভেতর সার্জিও বুসকেটস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি গিল মানজানো। স্পট-কিক থেকে স্বাগতিকদের এগিয়ে দেন মিকেল ওইয়ারজাবাল।
তবে ৩৮ মিনিটে আন্তনিও গ্রিজমানের গোলে সমতা ফেরানো কাতালানরা বিরতির পর জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল। ৪৯ মিনিটে লিওনেল মেসির পাস থেকে লুই সুয়ারেজের গোল এগিয়েই দিয়েছিল তাদের। এর পরের ১০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পাওয়া বার্সা আর গোল পায়নি সুয়ারেজ-গ্রিজমানদের ব্যর্থতায়। যার খেসারত ৬২ মিনিটে দেয় তারা। মার্ক আন্দ্রে টের স্টেগেনের ভুলে বল পেয়ে যাওয়া অ্যালেক্সান্দার ইসাক সমতা ফেরান ম্যাচে।
এরপর দুই দলই জয়সূচক গোলের সুযোগ সৃষ্টি করেছে। তবে সফল হয়নি কারো চেষ্টাই। যোগ করার সময়ে অবশ্য বক্সে ফাউলের শিকার হওয়ার দাবি তুলেছিলেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। তবে রেফারি তাতে কান দেননি, হস্তক্ষেপ করেনি ভিএআরও। ফলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে শেষ দুইবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে অন্তিম সময়ে না পাওয়া পেনাল্টিটি নিয়েই আক্ষেপ ঝরলো বার্সা কোচের কণ্ঠে, ‘একজন কোচ হিসেবে আপনি নিজের অনুকূলে ব্যাপারগুলোকে দেখবেন। আমি জানি না সোসিয়েদাদের পেনাল্টির ক্ষেত্রে কি হয়েছিল, মনে হয়েছে হ্যান্ডবল ছিল। তবে শেষ সময়ে জেরার্ড পিকের ব্যাপারটা আমি আবারও দেখতে চাইতাম। আমি জানি না চতুর্থ অফিসিয়াল সেটা দেখেছেন কি না।’
বুসকেটসও জানান, শেষ সময়ে পেনাল্টির সম্ভাবনাটা ভিএআরে যাচাই করা প্রয়োজন ছিল। তিনি বলেন, ‘আমি হয়তো প্রথম পেনাল্টিতে জার্সি টেনে ধরেছিলাম, কিন্তু সেখানে যদি মান নির্ধারণ করেন আপনি, ব্যাপারটা কঠিন হয়ে যায়। পিকের ঘটনাটাই এর প্রমাণ, আর সেটা আমারটার চেয়েও পরিষ্কার ছিল। রেফারির সেটা দেখা উচিত ছিল। আমি জানি না ভিএআরও কেন এটা দেখল না!’
একই সুর ঝরে পড়েছে ক্লাবটির কর্মকর্তা গিলের্মে আমর ও সভাপতি হোসে মারিয়া বার্তোমিউর কণ্ঠেও। শোনা যাচ্ছে, এ ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যার জন্যে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছেও আবেদন করবেন বার্সা সভাপতি।
ক্লাসিকোর আগের পরিস্থিতিতে রাজনৈতিক কারণে কিছুটা উত্তাপ চলে এসেছিল, এখন যোগ হলো রেফারিং বিতর্ক। তার ওপর ক্লাসিকোর রেফারি হোসে হার্নান্দেজকে নিয়ে ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদ অভিযোগ জানিয়েছে কর্তৃপক্ষের কাছে। ফলে সবকিছু মিলিয়ে মৌসুমের প্রথম রিয়াল-বার্সা দ্বৈরথটা একটু আগেভাগেই উত্তেজনা ছড়াতে শুরু করে দিচ্ছে।