নিজ মাঠে হারল চেলসি

  স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার নিজেদের মাঠে হারল চেলসি। কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলকে শেষ পাঁচ ম্যাচে চতুর্থ হারের বিস্বাদ দিয়েছে বোর্নমাউথ।

গত শনিবার লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে ১-০ গোলে জিতেছে বোর্নমাউথ। ড্রয়ের দিকে এগোতে থাকা খেলাটিতে শেষ দিকে ব্যবধান গড়ে দেন ইংলিশ মিডফিল্ডার ড্যান গসলিং। টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল বোর্নমাউথ।

চেলসি নিজেদের আগের লিগ ম্যাচে এভারটনের মাঠে হেরে আসার পর এদিন বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচ জুড়ে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে খেলার ছক পরিবর্তন করেন কোচ ল্যাম্পার্ড। তাতেও লাভ হয়নি। রক্ষণ জমাট রেখে খেলতে থাকা বোর্নমাউথও তেমন সুযোগ তৈরি করতে পারছিল না। অবশেষে ম্যাচের ৮৪তম মিনিটে দারুণ ফ্লিকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান গসলিং। প্রথমে গোলের বাঁশি বাজাননি রেফারি। পরে ভিএআরের সহায়তায় আসে গোলের সিদ্ধান্ত। ল্যাম্পার্ডের দল ১৭ ম্যাচে নয় জয় ও ছয় হারে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আছে চতুর্থ স্থানে। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৩২ পয়েন্ট নিয়ে আছে তিনে। দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৩৯। লিভারপুল ৪৯ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। বিডিনিউজ