পুঠিয়ায় ছয় গণমিলনায়তন কেন্দ্র
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ছয়টি গণমিলনায়তন কেন্দ্র অনেক বছর ধরে বন্ধ রয়েছে। এগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় কার্যালয়ের আসবাবপত্র বিনষ্ট হচ্ছে। কর্তৃপক্ষ বলছে অর্থ বরাদ্দ না পাওয়ায় গণমিলনায়তনগুলো সংস্কার করা যাচ্ছে না।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, ১৯৮০ সালের দিকে উপজেলায় পুঠিয়া সদর, শিলমাড়িয়া, ভালুকগাছী, জিউপাড়া, বানেশ্বর ও বেলপুকুরিয়া ইউনিয়নে একটি করে গণমিলনায়তন নির্মিত হয়। নির্মাণের পর প্রত্যেকটিতে একজন করে ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ করা হয়। সেখানে কিছু দিন এলাকার বেকার তরুণ-তরুণীদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হতো। কিন্তু সমাজসেবা অধিদপ্তর ১৯৯২ সালের দিকে ইউনিয়ন গণমিলনায়তনের সব কার্যক্রম রহিত করে উপজেলা সদরে নিয়ে আসে।
সরেজমিনে দেখা যায়, পুঠিয়া সদর গণমিলনায়তন ছাড়া অন্যান্য কেন্দ্রের দরজা-জানালা নষ্ট হয়ে গেছে।
পুঠিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, ‘অর্থ বরাদ্দ না থাকায় ভবনগুলো সংস্কার করা যাচ্ছে না। গণমিলনায়তন ব্যবহারে আঞ্চলিক কমিটিগুলো কেউ এগিয়ে আসছে না। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি।’