নোয়াখালী প্রতিনিধি
জেলা শহর মাইজদীর শহিদ মিনার চত্বরে গতকাল রবিবার থেকে ১৯ দিনব্যাপী শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয়মেলা। জেলা বিজয়মেলা উদ্যাপন কমিটির বর্ণাঢ্য আয়োজনে বিকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা সদরের এমপি একরামুল করিম চৌধুরী।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন। এতে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার ফজলুল হক বাদল, মোজ্জামেল হক মিলন ও মেলা কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু প্রমুখ । মেলা উদ্যাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, মুক্তিযুদ্ধের বিজয়মঞ্চে প্রতিদিন মুক্তিযুদ্ধের ওপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, গীতি নাট্য, লোকজ খেলা ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে বসেছে দেশীয় বিভিন্ন পণ্যের দুই শতাধিক স্টল।