খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিজয় দিবস উপলক্ষ্যে রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু নাছের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ বড়ুয়া ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু হুরায়রা।
দুই সহস্রাধিক তালগাছের চারা রোপণ
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে বজ্রপাত হতে রক্ষা পেতে দুই শতাধিক তালগাছের চারা রোপণ করেছেন ফুলকোচা ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম বাবু। প্রকল্প সভাপতি বাদশা দোজাহান মতি মেম্বার জানান, এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় উপজেলার দক্ষিণ রেখিরপাড়া-মইশকৈল সড়কের মোড় থেকে বাগবাড়ি পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। একই সঙ্গে এই রাস্তায় তালগাছ রোপণ কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। এতে একদিকে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষা পাবে অন্যদিকে পরিবেশের ভারসাম্যও রক্ষা হবে। রেখিরপাড়া কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জানান, চেয়ারম্যানের এই প্রকল্প বাস্তবায়নে এলাকাবাসী সর্বাত্মক সহায়তা করে আসছে।
মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ জেলা পরিষদের আয়োজনে রবিবার ২০১৮-১৯ অর্থবছরের ১০০ জন মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।সুনামগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে শিক্ষা বৃত্তি প্রদানের আগে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ প্রমুখ।
আমন ধান সংগ্রহে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা নাগরপুরে আমন ধান সংগ্রহে ইউনিয়ন পর্যায়ে কৃষক নির্বাচন উপলক্ষ্যে রবিবার উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি এ লটারির আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও নাগরপুর খাদ্য গুদামের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা প্রমুখ।
বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা শাহজাদপুরে বিজয় দিবস উপলক্ষ্যে রবিবার বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর গার্লস হাইস্কুল প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাসের তত্ত্বাবধানে এ সময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
বরগুনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
বরগুনা (উত্তর) প্রতিনিধি গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বরগুনা জাগো নারীর আয়োজনে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। জাগো নারীর সভাপতি নিগার সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডারস ফোরাম-৭১-এর সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, সাবেক সভাপতি আব্দুল আলীম হিমু, মো. হাসানুর রহমান ঝন্টু প্রমুখ।
খাদ্য অধিকার আইন চাই শীর্ষক সেমিনার
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় রবিবার খাদ্য অধিকার আইন চাই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খাদ্য প্রচারাভিযান সপ্তাহ উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবে এই সেমিনারের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা খানি-বাংলাদেশ ও প্রগতি। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহি।
কিডনি ফাউন্ডেশন সিরাজগঞ্জ শাখার সম্মেলন
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের সিরাজগঞ্জ শাখার প্রথম বার্ষিক সম্মেলন ও সায়েন্টিফিক সেমিনার রবিবার অনুষ্ঠিত হয়েছে। কামারখন্দ উপজেলার খোকন মেমোরিয়াল হসপিটাল ও কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের সিরাজগঞ্জ শাখার উদ্যোগে খোকন মেমোরিয়াল হসপিটালের সভাকক্ষে এর আয়োজন করা হয়। কিডনি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশিদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হারুন অর রশীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সুবজ, শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, স্বাচিপ জেলা শাখার সভাপতি ডা. ওয়ালিউল ইসলাম তালুকদার প্রমুখ।
হাইপারটেনশন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে রবিবার হাইপারটেনশন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা, মেধাবৃত্তি প্রদান ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে হাইপারটেনশনের কারণ, প্রতিকার ও প্রতিরোধ নিয়ে নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়। পরামর্শ দেন রংপুুর মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান(মেডিসিন) ও অধ্যাপক ডা. শাহ মো. সারোয়ার জাহান(মেডিসিন) এবং হাইপারটেনশন রিসার্চ সেন্টার, রংপুর এর সিইও আনোয়ার হোসেন। পরে আরপিএমপি রংপুরের পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে যারা ২০১৮ সালের পিইসি ও জেএসসি পরীক্ষা এবং ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে তাদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়।