মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ ও জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ঘিওরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে ঘিওর উপজেলা যুবলীগ। রবিবার সকালে দলীয় কার্যালয় থেকে এ দাবিতে র্যালি বের করা হয়। এটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় রাজার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান বক্তারা। সমাবেশে ঘিওর উপজেলা যুবলীগ সভাপতি বাবুল ব্যাপারী, সহসভাপতি তালাত পাশা সবুজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক ইফতি আরিফ, প্রচার সম্পাদক রনি, অর্থ সম্পাদক মো. খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম, সহসম্পাদক আমিনুর ব্যাপারী, বালিয়াখোড়া ইউনিয়নের যুবলীগ সভাপতি হাফিজ শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর সদর উপজেলার জয়রা গ্রামের মো. মোস্তফার ছেলে রুস্তম আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রুস্তম আলীর চাচা আব্দুল জলিল পরের দিন মানিকগঞ্জ থানায় মামলা করেন। ঐ মামলায় মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌরসভার প্যানেল মেয়র-২ আব্দুর রাজ্জাক রাজাকে ‘অসত্ উদ্দেশ্যে রাজনৈতিক সুবিধা লাভের আশায়’ মামলার আসামি করা হয়েছে বলে নেতাকর্মীরা দাবি করছেন।