নগরীর দুইটি সুতার গুদামে খোলাবাজারে অবৈধভাবে বন্ডেড সুতা বিক্রির অভিযোগে সোয়া ১ কোটি টাকা মূল্যের পৌনে ১০ টন সুতা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের কাস্টমস বন্ড কমিশন। গত শনিবার দুপুরে শহরের সূতারপাড়া এলাকায় সাদ ট্রেডার্স ও আজাদ ট্রেডার্সের গুদামে এ অভিযান চালান সংস্থাটির ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা। ঢাকা-নারায়ণগঞ্জের সিআইডি পুলিশ ও কাস্টমস বিভাগ এ অভিযানে সহায়তা করে। কাস্টমস বন্ড কমিশনের ঢাকা কার্যালয়ের উপ-কমিশনার রেজভি আহমেদ জানান, দেশের রপ্তানিমুখী গার্মেন্টস কারখানায় থান কাপড় তৈরির জন্য শুল্কমুক্ত সুবিধায় এসব বন্ডেড সুতা আমদানি করা হয়েছিল। এসব সুতা দিয়ে কাপড় তৈরি করে বিদেশে রপ্তানি করার কথা থাকলেও আমদানিকারক প্রতিষ্ঠানটি বন্ড চুক্তি ভঙ্গ করে অবৈধভাবে নারায়ণগঞ্জের সুতার ব্যবসা প্রতিষ্ঠান সাদ ট্রেডার্স ও আজাদ ট্রেডার্সের কাছে উচ্চমূল্যে খোলাবাজারে বিক্রি করে দেয়। যা বন্ডের আইন অনুযায়ী সম্পূর্ণভাবে অবৈধ ও চোরা কারবারের সামিল। কাস্টমস বন্ডের এই কর্মকর্তা জানান, কিছু অসাধু ব্যবসায়ী শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল হিসেবে সুতা আমদানি করে তা খোলাবাজারে সুলভ মূল্যে বিক্রি করে দেশীয় পোশাক ও বস্ত্রশিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করে আসছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে কাস্টমস ও বন্ড কমিশনের ঢাকা কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে নারায়ণগঞ্জের এই দুইটি সুতার গুদামে অভিযান চালানো হয়।