রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, রাজাকারের দোসররা গুজব রটিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। তারা সবসময় অপপ্রচারে লিপ্ত এবং এরা একেক সময় একেক রূপ ধারণ করে। তাদের সঙ্গে সাধারণ মানুষের কোন সম্পর্ক নেই, এরা জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণের কাছে ভোট চাওয়ার মতো তাদের কোন অর্জন নেই।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত নেতাকে উদ্দেশ করে তিনি বলেন, নিষিদ্ধ একটি দল এখন আপনাদের নিকট ভোট চাইতে এসেছে, এদের নিজেদের কোন মার্কা নেই, তাই তারা অন্যদলের মার্কা নিয়ে নির্বাচনে মাঠে নেমেছে।
মন্ত্রী মঙ্গলবার কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
জনগণের উদ্দেশে মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করেছে। তারা গত ১০ বছর মানুষের সঙ্গে কোন প্রকার সম্পর্ক রাখেনি, তাদের কি কারণে ভোট দিবেন ? যারা চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত হয়ে চৌদ্দগ্রামের মানুষের সঙ্গে বেঈমানি করেছে তাদের চৌদ্দগ্রামবাসী প্রত্যাখ্যান করেছে। তারা ভোট পাওয়ার মতো কোন প্রকার যোগ্যতা রাখে না। তাই আগামী ৩০ ডিসেম্বর উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াহেদুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সোবহান ভূঞা হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, খলিলুর রহমান মজুমদার, মোশারেফ হোসেন এবং আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মন্ত্রী সকাল থেকে চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পোটকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাদৈর উচ্চ বিদ্যালয়, হাজারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর সামছুল হুদা মহিলা মাদ্রাসা, উনকুট সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাদঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাছবাড়িয়া মাদ্রাসা ও ধনিজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথসভা ও গণসংযোগ করেন।
ইত্তেফাক/এমআই