খালেদা জিয়াকে জেলে রেখে হত্যার নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে ..........রিজভী

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আদালত খারিজ করে দেওয়ার প্রতিবাদ এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডার সুবাস্তু নজরভ্যালী টাওয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি ফুজি টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পুলিশ মিছিলে ধাওয়া দিয়ে চার জনকে গ্রেফতার করেছে বলে জানিqছে বিএনপি।

সংক্ষিপ্ত পথসভায় রুহুল কবির রিজভী বলেন, ভয়াবহ অসুস্থ বেগম খালেদা জিয়াকে জেলে রেখে হত্যার নীলনকশা বাস্তবায়ন শুরু করা হয়েছে। শেখ হাসিনার সরাসরি নির্দেশে তাকে জামিন দেওয়া হচ্ছে না। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। এই মিডনাইট সরকারের পতন ঘটাতে না পারলে নেত্রীকে মুক্ত করা সম্ভব নয়।

রিজভী দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ে হামলা ও প্রবীণ সম্পাদককে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আজকে দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। গণমাধ্যমের মতপ্রকাশ ও মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।