বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, মহান মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। তবে মুক্তির যুদ্ধ শেষ হয়নি। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর থেকে মুক্তির যুদ্ধ শুরু হয়েছে এবং যা আজও চলমান। মহান বিজয় দিবসের অর্জনকে সফল করতে হলে সমগ্র বাঙালি জাতিকে বঙ্গবন্ধু ঘোষিত মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন ৪৯তম মহান বিজয় দিবসকে সামনে রেখে গতকাল বিশ্ববিদ্যালয়ের এ-ব্লকের অডিটরিয়ামে আয়োজিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চত্বরে বেলা ১১টায় শিশুদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা, চিকিত্সাসহ সংস্কৃতি ও সাহিত্যে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি